‘দ্যাশোত গরিব মারা ফান বসাইছে’

রংপুরের তারাগঞ্জের ইকরচালি বাজারে সবজি কিনছেন সরকারপাড়া গ্রামের শ্রমজীবী মকছার হোসেন (৫৮)। ছবিটি আজ মঙ্গলবার সন্ধায় তোলাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্যাশ এ্যালা মজুতদারের, মজুরের দিন শ্যাষ। গাও-গদোরে খাটিয়া এ্যালা দুই বেলার খাবার কিনার টাকা জোগাড় হয় না। হাটোত যায়া জিনিসপাতির দাম শুনলে মাথা ঘোরে। মুখ চাটিয়া ঘুরি আসি। কিনবার পারি না। বুকটা ফাটি যায়।’ গতকাল সোমবার দুপুরে রংপুরের তারাগঞ্জহাটে এভাবে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন উপজেলার কেন্দারশাহপাড়া গ্রামের আজি মিয়া (৬০)।

আজি মিয়া বলেন, ‘বয়স তো কম হইল না। এ্যাঙ্কা কষ্ট করি কখনো চলি নাই। হামার জমা টাকা নাই। দিন কামাই করি দিন খাই। যে কামাই, তাক দিয়া দিন চলোছে না।’

আজি মিয়ার পেশা দিনমজুরি। বসতভিটার দুটি ঘরে স্ত্রী-সন্তানসহ পাঁচ সদস্যদের মাথা গোঁজার ঠাঁই। প্রতিদিন মজুরি করে ৪০০ টাকা পান তিনি। চালসহ দ্রব্যমূল্যের দর দফায় দফায় বাড়ায় আয়ের টাকায় দুই বেলার খাবার কিনতে পারছেন না। তাঁর ওপর তিন ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ, অসুখ–বিসুখ তো লেগেই আছে। তাই হাটে এসে নিত্যপণ্যের দামে দিশাহারা তিনি।

চালের বাজারে গিয়ে হাঁসফাঁস করছিলেন মেনানগর গ্রামের লোকমান হোসেন। তিনি বলেন, ‘ভাই, কোনটা থুইয়া কোনটা কিনিম, বুঝির পাওছুন না। চাল-ডাল-তরকারি কিনলে, তেল মসলা কিনার টাকা থাকে না। তেল মসলা সবজি কিনলে চাল কিনা টাকা আটোছে না। জিনিসের এমতোন দাম থাকলে কৃষাণী দিয়া বেশিদিন বাঁচা যাইবে না।’

শুধু আজি মিয়া ও লোকমান হোসেনই নন। এমন আক্ষেপ আর হতাশা বহু দিনমজুর ও নিম্নবিত্ত পরিবারের। দ্রব্যের ঊর্ধ্বমুখী দরে এক দিনের আয়ে দুবেলার খাবার কিনতে হিমশিম খাচ্ছেন অনেকেই। এমন বাজারদরের জন্য তাঁরা দুষছেন মজুতদার ও সরকারকে।

ইকরচালী গ্রামের রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন কালা মিয়া। তাঁর প্রশ্ন, ‘ভাই, কনতো, ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ল কেন?’ এরপর নিজেই উত্তর দিয়ে বললেন, ‘মিলমালিক আর ব্যবসায়ীরা ধান কিনি জমা থোওছে। মিল বন্ধ। সেই তকনে বাজারোত চালের দাম বাড়ছে। খালি চাল নোয়ায়, তেল, পেঁয়াজ, রসুন, লবণ চিনি, জমিত দেওয়া সার, গরুর ভূসি, ছোলাসহ সউগ জিনিস টাকাওয়ালা ব্যবসায়ীরা আর মিলমালিকেরা কিনি জমে থোওছে। কৃত্রিম সংকট দেখেয়া দাম বাড়াওছে। হামার অক্ত (রক্ত) চোসোছে। সরকার তাক বুঝিয়াও ব্যবস্থা নেওছে না। মনে হওছে সরকারও ওমার গোড়োত জিম্মি!’

গতকাল সোমবার বদরগঞ্জ ও তারাগঞ্জহাট ঘুরে দেখা গেছে, প্রতি কেজি চাল প্রকারভেদে ৫২ থেকে ৬৮ টাকা দরে বিক্রি হয়েছে। যা এক সপ্তাহ আগে ছিল ৪৫ থেকে ৬২ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৩০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা, সোনালি মুরগি ২৬০ থেকে বেড়ে ২৯০ এবং দেশি মুরগি ৫২০ থেকে বেড়ে ৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকা থেকে ৮০ টাকা, পেঁয়াজ ২৮ থেকে ৪০ টাকা, রসুন ৫০ থেকে ৮০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা, করলা ২০ থেকে ৪০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা এবং ঢ্যাঁড়স ৩০ থেকে ৩৫ টাকায় দাঁড়িয়েছে।
বামনদীঘি হাটের খুচরা চাল বিক্রেতা লুৎফর রহমান বলেন, ‘মিলের মালিক ও আড়তদারেরা সিন্ডিকেটের মাধ্যমে চাল মজুত করে দাম বাড়িয়েছেন। বোরোর ভরা মৌসুমে যেখানে চালের দাম কমার কথা, সেখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে।’

নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ বদরগঞ্জের আমরুলবাড়ি গ্রামের দোকান কর্মচারী রশিদুল মিয়া। তিনি আক্ষেপ করে বলেন, ‘পরিবার নিয়ে কীভাবে বাঁচব, বলতে পারেন? বেতন পাই ৮ হাজার টাকা, সাদা ভাত আর সবজি খেতে খরচ যায় ১২ হাজার। এমন কোনো জিনিস নাই যে তার দাম দ্বিগুণ, তিনগুণ হয়নি। দাম কমার কোনো সম্ভাবনা নাই। বেঁচে থাকা দায় হয়ে গেছে। সংসার চালাতে এখন টাকা ধার করতে হচ্ছে। এভাবে চললে ঋণের জালে বন্দি হয়ে ধুকেধুকে মারা যাব।’

কাঁচাবাড়ি গ্রামের রফিকুল ইসলাম এবার বর্গা নিয়ে বোরো ধান আবাদ করেছিলেন। খেতে ৯ হাজার ৮০০ টাকা খরচ করে ধান পেয়েছেন ২৫ মণ (স্থানীয় হিসেবে প্রতি মণে ২৮ কেজি)। জমির মালিককে দিয়েছেন ছয় মণ। বাকি ১৯ মণ ধান বিক্রি করে ধারদেনা শোধ করেছেন। এখন তিনি চাল কিনে খাচ্ছেন বলে জানান।
রফিকুল মিয়া বলেন, ‘মুই যখন ধান বেঁচানু তখন দাম নাই, অ্যালা চাল কিনার গেইলে হাত দেওয়া যাওছে না। তেল, নুন, মসল্লা, সবজির দামও দুই গুণ হইছে। দ্যাশোত গরিব মারা ফান (ফাঁদ) বসাইছে।’

বদরগঞ্জের কাঁচামাল ব্যবসায়ী জমিদার হোসেন (৪০) জানান, ‘বদরগঞ্জহাট সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার বসে। হাটের দিনে লাখখানেক মানুষ আসেন কেনাকাটা করতে। সোমবার হাট ছিল ফাঁকা। লোকজন কম। বিক্রিও কম। ব্যবসা করি ছোটবেলা থেকে। জীবনে কখনো হাটে এত কম লোকজন আসতে দেখিনি। বাজারে ক্রেতাদের সবার মুখ মলিন। মানুষ প্রয়োজনের তুলনায় অর্ধেক পরিমাণ জিনিস কেনাকাটা করছেন।’