দ্রব্যমূল্য নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: প্রথম আলো

দ্রব্যমূল্য নিয়ে বিএনপি সারা দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ বিষয়ে তিনি বলেন, বিএনপির কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাছান মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মোনাফ সিকদার।

বিএনপি দ্বিচারিতার নীতি অবলম্বন করছে মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রী বলেন, করোনার কারণে এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যখন কিছু কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পায়, তখন সারা দেশে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বিএনপি। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের তারা উৎসাহ দিয়েছে, যাতে তাঁরা পণ্য মজুত করেন এবং পণ্যের মূল্যবৃদ্ধি পায়। অন্যদিকে জনসমক্ষেও তারা কর্মসূচি দেয়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, যখন পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়, তখন বিএনপি ছেলেধরার গুজব ছড়িয়েছিল। পদ্মা সেতু করতে পারবে না বলে তারা নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছিল। আজ পদ্মা সেতু হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষা।

মন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছেন। এই এক কোটি ফ্যামিলি কার্ড মানে পাঁচ কোটি মানুষ; অর্থাৎ আওয়ামী লীগ পাঁচ কোটি মানুষের মধ্যে স্বল্পমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছে। সেটি করার পরিপ্রেক্ষিতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাজারেও পণ্যের মূল্য কমে গেছে। জনগণের মধ্যে যখন স্বস্তি ফিরে এসেছে, তখন বিএনপির অস্বস্তি বেড়ে গেছে। তারা সে জন্য বাম ভাইদের দিয়ে হরতাল ডাকাল। বাম ভাইয়েরা হরতাল ডাকল। জাফরুল্লাহ সাহেব হরতাল ডেকে নিজে সপরিবার লন্ডনে চলে গেলেন। আর বাম ভাইদের হরতালের সময় গতকাল ঢাকা শহরে ট্রাফিক জ্যাম ছিল। বাম ভাইদের আমি সম্মান করি, কারণ তাঁরা স্বাধীনতার পক্ষের শক্তি। কিন্তু তাঁরা কেন হরতাল করে জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি করলেন, সেটিই আমার প্রশ্ন।’

সারা দেশে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বিএনপি আছে শুধু টেলিভিশনের পর্দায়। টেলিভিশনে সাংবাদিকেরাই মূলত বিএনপিকে বাঁচিয়ে রেখেছেন। বিএনপিকে টেলিভিশন ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায় না। মাঝেমধ্যে দু-একটি সমাবেশ হয়। সেই সমাবেশে আবার নিজেরা নিজেরা মারামারি করে।

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে আমাদের সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। সেই কারণে দেশজুড়ে বর্তমানে বিভিন্ন জেলা, উপজেলায় দলের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা নিজেরাও দেশের এই প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। সারা দেশ ঘুরে আমার মনে হচ্ছে, আওয়ামী লীগ শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। সারা দেশে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসছে, এতে আগামী নির্বাচনে আমরা আবার ২০০৮-এর মতো ধস নামানো বিজয় নিশ্চিত করব।’

দেশে করোনা মোকাবিলা নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘পৃথিবীর ১৩০টি দেশ যখন করোনার টিকা দেওয়া শুরু করতে পারেনি, তখন বাংলাদেশে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী করোনার টিকা দেওয়া শুরু করেন। করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ তিনি যেভাবে মোকাবিলা করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটির প্রশংসা করেছে, জাতিসংঘ প্রশংসা করেছে, পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা প্রশংসা করছেন। কিন্তু বিএনপির নেতারা প্রশংসা না করে এই টিকা না নেওয়ার জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছেন। পরে নিজেরাই গোপনে টিকা নিয়েছেন। লজ্জা-শরম ভেঙে কেউ কেউ জনসমক্ষে টিকা নিয়েছেন।’