দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে শ্রমিকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও আট দফা দাবিতে রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শ্রমিকরা
ছবি: প্রথম আলো

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও শ্রমিকদের আট দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মহানগর ব্যাটারিচালিত রিকশাভ্যানজাতীয় শ্রমিক ঐক্যজোটের ব্যানারে শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে জাতীয় পার্টিপন্থী শ্রমিক নেতাদের নেতৃত্ব দিতে দেখা যায়।

রংপুর সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী। মানববন্ধনে বক্তব্য রাখেন একই সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল বাবু, মহানগর রিকশাভ্যান চালক ইউনিয়নের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

শ্রমিকদের আট দফা দাবি হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের সঙ্গে সংগতি রেখে রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের ভাড়া বৃদ্ধি করে নগরের বিশেষ বিশেষ জায়গায় তালিকা টাঙানো, শ্রমিকদের ওপর অন্যায়ভাবে পুলিশের চাপিয়ে দেওয়া জরিমানা আদায় বন্ধ, ব্যাটারিচালিত রিকশার দুই হাজার নতুন লাইসেন্স প্রদান, নগরের শাপলা চত্বর থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত প্রধান সড়কে রং দিয়ে চিহ্নিত করে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে পৃথক লেন, রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশা চুরি, ছিনতাই ও প্রতারণা করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার এবং ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ।

মানববন্ধন কর্মসূচি শেষে সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি দেন তাঁরা। এর আগে শ্রমিকেরা শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, ‘কিছু দাবি আমার এখতিয়ারে না হলেও অন্য দাবিগুলোর গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।’