দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
রাজশাহী ওয়াসার পানির মূল্য তিন গুণ বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামের একটি রাজনৈতিক সংগঠন। আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনের জেলা ও মহানগর শাখা।
মানববন্ধনের আয়োজকেরা বলেন, গত বছর ৭ আগস্ট রাজনৈতিক সংগঠন হিসেবে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’-এর যাত্রা শুরু হয়। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে জনগণের অংশগ্রহণে একটি রাজনৈতিক দল গড়ে তুলবে সংগঠনটি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হাসনাত বেগের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের নগর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, আইনজীবী শাহীন মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ। এতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক সালেহ হাসান নকীব।
কর্মসূচিতে বক্তারা বলেন, উন্নয়নের দোহাই দিয়ে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পেটে ভাত না থাকলে এই উন্নয়ন দিয়ে জনগণ কী করবে? পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাজশাহীর মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজশাহীর প্রতিটি মানুষই রাস্তায় নামতে বাধ্য হবে।
বক্তারা আরও বলেন, প্রতি রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। কোনো দল, কোনো সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। এর ফলে সমাজের একটা শ্রেণির আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ছাড়া রাজশাহী ওয়াসা যে পানির মূল্য তিন গুণ বৃদ্ধি করেছে, তা দ্রুত প্রত্যাহার করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমিরুল ইসলাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। গরিব আরও গরিব হচ্ছে। মুষ্টিমেয় কিছু মানুষের কাছে সমস্ত টাকা। এ দেশের উন্নয়নগুলোও জনবান্ধব হয়নি। অর্থাৎ সমাজে বৈষম্য রয়েই গেছে। ব্রিটিশ আমলের আইন দিয়ে এই বৈষম্য দূর করা যাবে না। এ জন্য আইন সংস্কার করতে হবে।