দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে কৃষক দলের সমাবেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। আজ শুক্রবার সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল–সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা কৃষক দল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা (দক্ষিণ) কৃষক দলের আহ্বায়ক এইচ এম মহসিন আলম। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব সফিউল আলম, বরিশাল মহানগর আহ্বায়ক আবদুর রশিদ চৌধুরী, উত্তর জেলার আহ্বায়ক মো. জামাল হোসেন, সদস্যসচিব সেলিম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভোটবিহীন সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের রক্ত চুষে নিচ্ছে। আর সেই টাকা বিদেশে পাচার করে দেশকে পঙ্গু করছে। তাঁরা বলেন, বর্তমান ডাকাত-মাফিয়া সরকারের কাছে দাবি জানিয়ে লাভ নেই। ১২ হাজার কোটি টাকার স্যাটেলাইট আকাশে উড়িয়ে দেশের মানুষকে না খাইয়ে মারবে এ সরকার। দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার মৌলিক অধিকার নেই। দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে আঁকড়ে আছে এই গণবিরোধী সরকার।
সমাবেশে বক্তারা আরও বলেন, এখন আর এই সরকারকে দাবি জানিয়ে কোনো লাভ নেই। এখন এক দফা নিয়ে মাঠে নামতে হবে। সেই দফা হচ্ছে সরকারের পদত্যাগ। এই সরকারকে পদত্যাগ করাতে না পারলে দেশের মানুষ না খেয়ে মরবে, গণতন্ত্রের কবর রচিত হবে। এ জন্য দলের সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।