দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২
ঝিনাইদহের মহেশপুরে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)। তাঁদের বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।
নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই তরুণ দ্রুতগতিতে যশোরের চৌগাছার দিকে যাচ্ছিলেন। এ সময় নওদাগ্রামের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক তরুণের মৃত্যু হয়। তাঁর সঙ্গে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।