গৃহহীনদের জন্য সরকারিভাবে বরাদ্দ হওয়া দুর্যোগ–সহনীয় একটি ঘর এক সম্পদশালী ব্যক্তির বাড়িতে তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিয়ম করে হাতিয়ে নেওয়া ওই ঘরের মূল নকশাও বদল করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি নেত্রকোনার মোহনগঞ্জের তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে ঘটেছে।
অভিযুক্ত ব্যক্তি হলেন মো. সোহেল মিয়া। তিনি ওই গ্রামের মৃত রতন মিয়ার ছেলে। পেশায় কৃষক সোহেল আওয়ামী লীগের একজন কর্মী।
অভিযুক্ত ব্যক্তি হলেন মো. সোহেল মিয়া। তিনি ওই গ্রামের মৃত রতন মিয়ার ছেলে। পেশায় কৃষক সোহেল আওয়ামী লীগের কর্মী।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার/রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিখা) কর্মসূচির আওতায় মোহনগঞ্জে গৃহহীন ব্যক্তিদের জন্য দুর্যোগ–সহনীয় বাসগৃহ নির্মাণ করা হয়। উপজেলায় ৭টি ইউনিয়নে ৩৬ গৃহহীন পরিবার ওই ঘরের সুবিধা পায়। ২ লাখ ৯৮ হাজার টাকা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়। কিন্তু তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের বাসিন্দা সোহেল কারসাজি করে নিজের নামে একটি ঘর বরাদ্দ নিয়েছেন। গত বছর তাঁর বাড়িতে ঘরটি নির্মাণ করা হয়। তিনি নিজেকে হতদরিদ্র ও গৃহহীন দেখিয়ে ওই ঘরের সুবিধা লাভ করেন। কিন্তু বাস্তবে তিনি অন্তত চার একরের বেশি জমির মালিক। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
সোহেলের প্রতিবেশী শফিকুল মিয়াসহ কয়েকজন বলেন, সোহেল একজন সচ্ছল মানুষ। তাঁর চার একরের বেশি জমি রয়েছে। তাঁর বাড়িতে আগে থেকেই একটি আধা পাকা ঘর ছিল। প্রতারণা করে গৃহহীনের কোটায় তিনি ঘরটি বরাদ্দ নেন। পরে ঘরের বরাদ্দকৃত ইট, টিনসহ যাবতীয় মালামাল নিয়ে আগের ঘরটির সঙ্গে মিশিয়ে ফেলেন। বিষয়টি ধামাচাপা দিতে তিনি ঘরের নকশা পরিবর্তন করে ফেলেছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারী বলেন, উপজেলায় ২০২০ সালের প্রথম দিকে দুর্যোগ–সহনীয় ঘরের বরাদ্দের তালিকা চূড়ান্ত করা হয়। ৩৬ উপকারভোগীর তালিকায় সোহেল মিয়ার নাম ১১ নম্বরে। নওয়াগাঁও গ্রামে তিনিই একমাত্র উপকারভোগী। অথচ ওই গ্রামে অনেক অসহায় পরিবার রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সোহেল মিয়ার এক প্রতিবেশী প্রথম আলোকে বলেন, শুধু সরকারি ঘরই নয়, সোহেল স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে হাত করে দুটি টিউবওয়েল ও এক হাজার ফুটের একটি সাবমার্সিবল পানির পাম্প বসিয়েছেন বাড়িতে।
নওয়াগাঁও গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া বলেন, সোহেলের যথেষ্ট সম্পদ রয়েছে। বাড়িতে তাঁর পাকা ঘর থাকা সত্ত্বেও তিনি কীভাবে সরকারি ঘর পান। সরকারি ঘরের বরাদ্দকৃত ইট, সিমেন্ট ও অন্য জিনিসপত্র আগের ঘরটির সঙ্গে মিলিয়ে এখন বড় ঘর হয়েছে তাঁর। এ ছাড়া প্রভাব খাটিয়ে তিনি নিজের নামে জনস্বাস্থ্যের দেওয়া দুটি টিউবওয়েল ও একটি সাবমার্সিবল পাম্প নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সোহেল মিয়া বলেন, ‘এত দিন পরে এ কথা কেন উঠল। আমি সরকারি ঘর বরাদ্দ পেয়েছি অনেক আগেই। এ বিষয়ে অনেকেই জানেন। তখন আমার একটা ঘরের প্রয়োজন ছিল। এলাকার অনেকেই আমাকে সহ্য করতে না পেরে এখন দুর্নাম রটাচ্ছেন।’
এ বিষয়ে জানতে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘এসব তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে করা হয়। আমি উপজেলায় যোগ দেওয়ার কিছুদিন আগে তালিকাটি চূড়ান্ত হয়। ফলে তখন আমার কিছু করার ছিল না। এখন বিষয়টি নিয়ে আমরা ভাবছি কী করা যায়। ঊধ্বর্তনদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ আকুঞ্জি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলমকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’