ধনু নদের পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে
পাঁচ দিন ধরে নেত্রকোনার খালিয়াজুরির ধনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদের খালিয়াজুরি বাজার পয়েন্টের পানি ১৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হয়। আজ রোববার সকাল ১০টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, জেলার অন্যান্য নদ-নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও ধনু নদের খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদের ওই পয়েন্টে বিপৎসীমা ৫ দশমিক ৬১ মিটার, সেখানে প্রবাহিত হচ্ছে ৫ দশমিক ৭৭ মিটার।
পাউবো সূত্রে জানা যায়, কলমাকান্দা উব্দাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমা ৬ দশমিক ৫৫ মিটার, সেখানে প্রবাহিত হচ্ছে ৬ দশমিক ২৭ মিটার। কংস নদের জারিয়া পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৫৫ মিটার, সেখানে প্রবাহিত হচ্ছে ৯ দশমিক ১৫ মিটার, সোমেশ্বরীর বিজয়পুর পয়েন্টে বিপৎসীমা ১৫ দশমিক ৮৯ মিটার, সেখানে প্রবাহিত হচ্ছে ১১ দশমিক ৮৩ মিটার দিয়ে। গতকাল রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত কোথাও বৃষ্টিপাত হয়নি।
এদিকে গত মঙ্গলবার ও বুধবারের অতিরিক্ত বৃষ্টিপাতসহ পাহাড়ি ঢলের ফলে জেলার কলমাকান্দা, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুরি উপজেলার বেশ কয়েকটি নিচু এলাকায় রাস্তাঘাট, বীজতলা ও পুকুর তলিয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১৫ হাজার মানুষ। স্থানীয় ব্যক্তিরা বলছেন, পানি বাড়লে বন্যার আশঙ্কা রয়েছে।
জেলা প্রশাসক কাজী মো.আবদুর রহমান বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। কিছু নিচু এলাকায় বীজতলা, পুকুর ও রাস্তাঘাটে পানি এসেছে। তবে গত শুক্রবার থেকে পানি আবার কমতে শুরু করেছে।