ধরমপাশার আটটি হাওরে বাঁধ সংস্কার শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) যথাসময়ে গঠিত না হওয়ায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার আটটি হাওরের ফসল রক্ষা বাঁধের সংস্কারকাজ শুরুই হয়নি। এতে আগাম বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে হাওরের একমাত্র বোরো ফসল রক্ষার বিষয়ে উদ্বিগ্ন কৃষকেরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্র সোনার থাল হাওর, ধানকুনিয়া, জয়ধনা, ঘোড়াডুবা, কাইলানী, গুরমা, সোনামড়ল, গুরমার বর্ধিতাংশ—এই আটটি হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজের জন্য ৩৪টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৫ ডিসেম্বর ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করার কথা ছিল এবং তা চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা।
গত সোম ও মঙ্গলবার এই আটটি হাওর ঘুরে দেখা গেছে, হাওরগুলোতে ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজ এখনো শুরু করা হয়নি। এতে হাওরপারের বেশ কয়েকজন বাসিন্দা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, আগাম বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে হাওরের বোরো ধান যদি রক্ষাই করা না যায়, তাহলে এসব বাঁধ মেরামত করে তাঁদের লাভ কী!
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, চামরদানী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার ও জয়শ্রী ইউপি চেয়ারম্যান মহসীন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রকল্পের প্রতিটি কমিটিতে স্থানীয় সাংসদের মনোনীত তিনজন প্রতিনিধি দেওয়ার বিধান রয়েছে। সাংসদের মনোনীত সদস্যদের তালিকা সময়মতো সুনামগঞ্জ পাউবোর কার্যালয়ে পাঠানো হয়নি। এ ছাড়া প্রকল্প কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করার এখতিয়ার না থাকলেও সাংসদ মোয়াজ্জেম হোসেন বিধিবহির্ভূতভাবে পিআইসি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করে তালিকা জমা দিয়েছিলেন। পরে এগুলো বিধি অনুযায়ী করা হয়েছে। সাংসদের গাফিলতির কারণেই ফসল রক্ষা বাঁধের সংস্কারকাজ যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। তাঁরা দাবি করেন, প্রথম কিস্তির টাকা উত্তোলন করে প্রকল্পকাজ শুরুর কথা থাকলেও কাজ আরও পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কায় তাঁরা নিজেদের ব্যক্তিগত অর্থ দিয়ে কিছু কিছু প্রকল্পের কাজ শুরু করেছেন।
উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সোনামড়ল হাওরপারের জাড়ারকোনা গ্রামের কৃষক সুলতান মিয়া (৪৫) বলেন, ‘আওরের বান্দের কাম কহনও সময়মতো অয় না। এইডা নয়া কিছু না। চেয়ারম্যান, মেম্বররা (পিআইসি কমিটি) আওরে হানি আওয়ার লাইগ্যা অফেক্ষা করইন। ধানের ফাকনা কেত ডুবলে হেরার তো কুনু ক্ষতি অয় না, তয় আমরার স্বপ্ন ভাইংগা তছনছ অইয়া যায়।’ তিনি দ্রুত ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে তা সময়মতো শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
সুনামগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, নানা কারণে হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজ যথাসময়ে শুরু করা যায়নি। তবে আশার কথা, সংশ্লিষ্ট প্রকল্পের পিআইসি কমিটিগুলোর বিপরীতে বরাদ্দ পাওয়া টাকা ছাড়করণ কাজ শুরু হয়েছে। খুব শিগগির পুরোদমে কাজ শুরু হবে। কাজের শেষ সময়সীমা আরও বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
গত বুধবার মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সরকারি বিধি মোতাবেক প্রতিটি প্রকল্প কমিটির বিপরীতে তিনজন করে প্রতিনিধির তালিকা আমি সংশ্লিষ্ট কার্যালয়ে যথাসময়ে পাঠিয়েছি। কোনো প্রকল্প কমিটিতেই কাউকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে তালিকা পাঠাইনি। এলাকার মানুষদের কাছে আমার সুনাম ক্ষুণ্ন করতেই প্রতিপক্ষরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’