ধরমপাশায় ইজারাদারদের সতর্ক করে ইউএনওর চিঠি
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ইজারা হওয়া আটটি হাটবাজারের একটিতেও টোল (খাজনা) আদায়ের কোনো তালিকা টাঙানো হয়নি। ফলে ইজারাদারের নিয়োজিত লোকজন হাটবাজার থেকে সরকারের নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন।
হাটবাজার থেকে অতিরিক্ত টোল আদায় না করার জন্য এবং দৃশ্যমান স্থানে টোল আদায়ের তালিকা টাঙানোর জন্য এ উপজেলার আটটি হাটবাজারের আটজন ইজারাদারকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠি গতকাল বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট ইজারাদারদের কাছে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১২টি হাটবাজার রয়েছে। এর মধ্যে ১৪২৮ সনের ১ বৈশাখ শুরু করে ৩০ চৈত্র পর্যন্ত এক বছর মেয়াদে বাদশাগঞ্জ বাজারটি ৩ লাখ ১৫ হাজার টাকায়, গোলকপুর বাজারটি ৭৫ হাজার টাকায়, মহেষখলা বাজারটি ৩১ লাখ ৬৩ হাজার টাকায়, ভোলাগঞ্জ বাজারটি ১ লাখ ৬ হাজার টাকায়, মধ্যনগর বাজারটি ৭১ লাখ টাকায়, বংশীকুণ্ডা বাজারটি ১ লাখ ৪৩ হাজার টাকায়, গাছতলা বাজারটি ১৫ হাজার টাকায় ও সানবাড়ী বাজারটি ১ লাখ ২৬ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। বাকি চারটি হাটবাজারের ইজারা ডাকে কেউ অংশ নেয়নি।
নিয়ম অনুযায়ী, টোল (খাজনা) আদায়ের জন্য সরকারিভাবে সোয়া ৬ টাকা হারে খাজনা আদায় করার কথা। কিন্তু বাজারগুলোতে ১০ থেকে ১৫ টাকা হারে টোল আদায় করা হচ্ছে।
মধ্যনগর বাজারের ইজারাদার ইসতিয়াক হোসেন চৌধুরী বলেন, ‘মধ্যনগর বাজার থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে না। বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়। এখনো চিঠি পাইনি। টোল আদায়ের চার্টটি শিগগিরই দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হবে।’
ইউএনও মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, ‘এ উপজেলায় ইজারা হওয়া হাটবাজারগুলোতে সরকারিভাবে নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে বলে অনেকেই মৌখিকভাবে আমার কাছে অভিযোগ জানিয়েছেন। তাই ইজারাদারদের অতিরিক্ত টোল আদায় না করার জন্য সতর্ক করার পাশপাশি দৃশ্যমান স্থানে ইজারাকৃত হাটবাজারগুলোতে টোল আদায়ের তালিকা টাঙানোর জন্য সংশ্লিষ্ট হাটবাজারের ইজারাদারদের চিঠি দেওয়া হয়েছে। চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে ইজরাদারেরা হাটবাজারগুলোর দৃশ্যমান স্থানে টোল আদায়ের তালিকা না টাঙালে এবং অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পাওয়া গেলে, খোঁজ নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’