ধরমপাশায় ফের বাঁধ ভেঙে ফসলডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাশুয়া ফসলরক্ষা বাঁধ  ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল l ছবি: প্রথম আলো
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাশুয়া ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে গেছে বোরো ফসল l ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের গুরমা হাওরের অধীন পাশুয়া হাওর ফসল রক্ষা বাঁধটি গত শুক্রবার রাতে পানির প্রবল চাপে ভেঙে গেছে। এতে ওই হাওরে পানি ঢুকে ১০-১৫ একর জমি তলিয়ে গেছে।

তবে স্থানীয় কৃষকেরা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হবে দাবি করেছেন। তাঁদের হিসাব অনুযায়ী এই হাওরের চার ভাগের এক ভাগ জমির (১২৫ একর) ফসল পানিতে তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলার চামরদানী ইউনিয়নের পাশুয়া হাওরের ৫০০ একর জমিতে ধানের আবাদ করা হয়। সঠিক সময়ে বাঁধের কাজ না করায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই বাঁধটির মধ্যবর্তী অংশে ভাঙন দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে গুরমা হাওর উপপ্রকল্পের আওয়ারজানের কার থেকে পাশুয়া পর্যন্ত ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। ওই প্রকল্প কমিটির সভাপতি চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকিরুল আজাদ।

এলাকার কৃষকদের অভিযোগ, প্রকল্প কমিটির সভাপতি জাকিরুল আজাদ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওই বাঁধের দুই পাশে বাঁশের বেড়া দিয়ে এর মধ্যবর্তী স্থানে কিছু বালুভর্তি বস্তা ফেলেন। কাজ সঠিকভাবে না হওয়ায় বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে পড়ে। এতে ওই হাওরের চার ভাগের এক ভাগ জমির বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। এ জন্য পাউবো কর্তৃপক্ষ ও প্রকল্প কমিটির সভাপতিই দায়ী।

প্রকল্প কমিটির সভাপতি জাকিরুল আজাদ দাবি করেন, ‘বাঁধের দুই পাশে বাঁশের বেড়া, বালুভর্তি বস্তা ও ত্রিপল দিয়ে ৪ লাখ ২০ হাজার টাকা খরচ করেছি। কিন্তু সোমেশ্বরী নদীর পানির প্রবল ধাক্কায় বাঁধটি ভেঙে গেছে। এতে আমার ও পাউবো কর্তৃপক্ষের কারও কোনো গাফিলতি নেই। এখন শ্রমিক নিয়োজিত করে বস্তাভর্তি মাটি ও বাঁশ দিয়ে পানি আটকে রাখার চেষ্টা চলছে।’

 প্রকল্পের কাজ তদারকের দায়িত্বে থাকা পাউবোর সুনামগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আলী রেজা বলেন, প্রকল্প কমিটি পরিবর্তনের কারণে বাঁধের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে কাজে কোনো গাফিলতি ছিল না।