ধরমপাশায় বজ্রপাতে ইমামের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বজ্রপাত
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বজ্রপাতে আবদুল খালেক (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সাতুর গ্রামে। তিনি পাশের গ্রাম কাকরহাটির জামে মসজিদে ইমামতি করতেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে সাতুরের বন্দ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি গরুকে খাস খাওয়ানোর জন্য নিজ গ্রাম সাতুরের বন্দ এলাকায় যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বজ্রপাতে তিনি সেখানে মারা যান। দীর্ঘ সময় বাড়ি ও মসজিদের কোথাও ইমামকে না পেয়ে দুই গ্রামে তাঁর সন্ধানে মাইকিং করা হয়। পরে রাত ১০টার মৃত অবস্থায় ইমাম আবদুল খালেককে উদ্ধার করেন স্বজন ও এলাকাবাসী।

বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিম মাহমুদ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির বুকের কিছু অংশ ঝলসে গেছে। কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, বজ্রপাতে ইমাম আবদুল খালেকের মৃত্যু হয়েছে।