ধর্মঘটে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক ফাঁকা, ভোগান্তিতে যাত্রীরা
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার সকাল ছয়টা থেকে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গণপরিবহন না চলায় ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক ফাঁকা দেখা যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
আজ শুক্রবার সকালে সরেজমিন সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইলে দেখা যায়, যাত্রীরা গণপরিবহনের জন্য অপেক্ষা করছেন। অনেকে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, পিকআপ ভ্যান, রিকশা, মোটরসাইকেলে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ধর্মঘটের পক্ষে কোথাও পরিবহন শ্রমিকদের অবস্থান করতেও চোখে পড়েনি। তবে নারায়ণগঞ্জ-সুনামগঞ্জ রুটে বিআরটিসি বাস চলাচল করতে দেখা গেছে। পণ্যবাহী কিছু ট্রাকও চলাচল করেছে। অবশ্য তা অন্যান্য দিনের তুলনায় খুবই কম।
ব্যবসায়ী রোমেল হায়দার বলেন, সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। ডিজেলের দাম কমানোর দাবি থাকলে সেটা সরকারের সঙ্গে আলোচনা করে সমঝোতা করা যেত। কিন্তু তাঁরা সেটা না করে ধর্মঘট ডেকে মানুষকে ভোগান্তিতে ফেলে দিয়েছেন।
তিন বছরের নাতিকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছেন কুমিল্লার হাজেরা বেগম। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত অপেক্ষা করেও তিনি বাসের দেখা পাননি। কীভাবে যাবেন বুঝতে পারছেন না।
পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘট ডাকায় শিমরাইল বাস কাউন্টারে বেশ কয়েকজন যাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাঁরা যখন-তখন ধর্মঘট ডাক দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেন। ধর্মঘট ডাকার আগে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি তাঁদের মাথায় রাখা উচিত। অন্য সময় মহাসড়কে যানজট লেগে থাকত। এখন মহাসড়ক একেবারে ফাঁকা।
শিমরাইল কাউন্টারে বিআরটিসি বাসের সুপারভাইজার সুরুজ মিয়া বলেন, ধর্মঘটের মধ্যেও তাঁরা আগের ভাড়ায় যাত্রীদের পরিবহন করছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, ধর্মঘটের কারণে মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। অল্প কিছু বাস ও ট্রাক চলাচল করছে। স্থানীয় বাসগুলো যে যার মতো করে ভাড়া নিচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, যাঁরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব পরিবহনের ব্যবস্থাপক কাজল মৃধা প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে গাড়ি চলাচল তাঁরা বন্ধ রেখেছেন।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধর্মঘটে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণপরিবহন চলাচল বন্ধ আছে। তবে কিছু পণ্যবাহী ট্রাক, অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে।