ধর্মঘটের খবর না জানা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে রাজশাহী ও সিলেট থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই ধর্মঘটের খবর না জেনে বাড়ি থেকে বেরিয়ে বিপাকে পড়েছেন। এদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, সিদ্ধান্ত না হওয়া পর্যন্তু কোনো গাড়ি চলবে না।
আজ সকাল ১০টার দিকে রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় রুটে চলাচলকারী বাসগুলো টার্মিনালের ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। কিছু কিছু বাস আবার রাস্তার ওপরও রেখে দেওয়া হয়েছে। ঢাকাগামী দুই–একটা বাস কাউন্টার খোলা থাকলেও সেখান থেকে কোনো বাস ছাড়ছে না। তবে এসব কাউন্টারেই অনিশ্চিত যাত্রার উদ্দেশ্যে বসে রয়েছেন দু–চারজন যাত্রী।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বাধ্য হয়ে দ্বিগুণ-তিন গুণ ভাড়া দিয়ে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করছেন।
গোদাগাড়ীর ললিতনগর থেকে ট্রেনে করে রাজশাহী শহরে এসেছেন রূপসী বর্মন (২৫)। তিনি বলেন, বাস ধর্মঘটের খবর তিনি জানতেন না। কিন্তু তাঁর ঢাকায় যাওয়া জরুরি। এখন কী করবেন, সেটির সিদ্ধান্ত নিতে পারছেন না।
ছেলেকে নিয়ে তানোর থেকে রাজশাহীতে আসা আলতাফুন বেগম (৪০) জানান, তাঁর আরেক ছেলে ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। তিনি ছেলের কাছে যাবেন। রাজশাহীতে এসে জানতে পারেন, ঢাকায় কোনো বাস যাচ্ছে না। ঢাকায় যাওয়ার ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করছেন। কিন্তু ৮ নভেম্বর পর্যন্ত ট্রেনের কোনো টিকিট নেই বলে তাঁকে জানানো হয়েছে।
গোদাগাড়ীর কাঁকনহাটে থাকেন মামুন অর রশিদ (২৪)। ঢাকায় যাওয়ার জন্য বাস ও ট্রেন—দুই মাধ্যমেই চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। মামুন বলেন, ঢাকাগামী ট্রেনের টিকিট নেই। এদিকে বাসও চলছে না। কিন্তু ঢাকায় যাওয়া জরুরি। তাই বিকল্প কোনো উপায়ে ঢাকায় যাওয়া যায় কি না, সেই চেষ্টা করছেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য সেলিম হোসেন বলেন, এর আগে যখন তেলের দাম বাড়ানো হয়, তখন রাজশাহী থেকে নাটোরের ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৭১ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে তাঁরা ৫০ টাকার বেশি ভাড়া আদায় করতে পারেন না। এই অবস্থায় প্রতি লিটার তেলের দাম বাড়ানো হয়েছে ১৫ টাকা। এখন ভাড়া বাড়ালে তাঁরা বিপদে পড়বেন, আবার না বাড়ালেও তাঁদের লোকসান গুনতে হবে।
তেলের দাম শিথিল করার পাশাপাশি ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সেলিম হোসেন। অন্যথায় একটি গাড়িও চলবে না বলে হুঁশিয়ার করেন তিনি।