ধর্মনিরপক্ষ মানে ধর্মহীন বাংলাদেশ নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ধর্মনিরপক্ষ মানে ধর্মহীন বাংলাদেশ নয়। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে করছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ এবং হাজীগঞ্জে বিভিন্ন মন্দিরে হামলা ও সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, এদেশে, এই ভূখণ্ডে নানা ধর্মের নানা ভাষার মানুষ এসেছে। পাশাপাশি বসবাস করে করছে। এখানে যার যার ধর্ম বা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করছে। আজকে এই হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছে, এটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে। আজকে প্রতিটি ঘটনার তদন্ত চলছে। যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি এক সময় ধর্মের নামে অত্যাচার-নির্যাতন হয়েছিল। তারা একাত্তরে এমন করেছে, এখনো করে যাচ্ছে। এটি তাদেরই কাজ। আমরা মনে করি অশুভ শক্তির চেয়ে এখানে শুভ শক্তির মানুষের সংখা বেশি। তাই আমরা অশুভ অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যেভাবে আমরা অসম্প্রদায়িক দেশ গড়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধ করেছিলাম।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নইম দুলাল পাটোয়ারী প্রমুখ।