ধর্মনিরপেক্ষতা কাগজে-কলমে, ধর্ম নিয়ে রাজনীতি জোরেশোরে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
ফাইল ছবি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে তাঁর প্রথম বক্তৃতাতেই বলেছিলেন, বাংলাদেশে আর ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের অন্যতম মূলনীতি করেছিলেন তিনি। আজ ধর্মনিরপেক্ষতা কাগজে-কলমে ফিরে এসেছে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি চলছে জোরেশোরেই। সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে রাষ্ট্র ও সমাজে।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ শনিবার দুপুর ১২টায় আয়োজিত সভায় রাশেদ খান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেন।

সভায় রাশেদ খান বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জিয়া-এরশাদ-খালেদা জিয়া ও বর্তমান আমলেও ধর্ম নিয়ে রাজনীতির যে চর্চা হচ্ছে, বিভিন্ন ধর্মীয় সভায় ও ইউটিউবে ধর্মীয় বিদ্বেষ প্রচার করা হচ্ছে, তারই ফলে এই সাম্প্রদায়িক সহিংসতা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মূল বিষয় বাদ দিয়ে আমরা দোষারোপের রাজনীতি দেখেছি। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হতে হলে তার আবশ্যিক ভিত্তি হতে হবে অসাম্প্রদায়িকতা। স্বাধীনতার ৫০ বছর এটাই হোক আমাদের প্রত্যয়।’

রাশেদ খান আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ সাম্প্রদায়িকতা ও ধর্মীয় রাজনীতির পরাজয় ঘটিয়েছিল। কিন্তু স্বাধীনতাবিরোধী শক্তির হাত ধরে সেই সাম্প্রদায়িক শক্তির রাজনীতির পুনরুত্থান ঘটেছে।

সভায় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান বলেন, ভারতের কৃষকদের লড়াইকে ব্যর্থ করতে সে দেশের ক্ষমতাসীনেরা সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করতে চেয়েছে। কিন্তু আন্দোলনকারী হিন্দু-মুসলিম-হরি-শিখ কৃষকেরা তা ব্যর্থ করে দিয়েই সেই আন্দোলনে বিজয় অর্জন করেছে। তেভাগার লড়াইও ব্রিটিশ সাম্রাজ্যবাদী সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়েছিল। এ দেশের কৃষক-শ্রমিকের লড়াই দিয়ে সাম্প্রদায়িকতা রুখতে হবে।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক সভায় সভাপতিত্বে করেন। সাধারণ সভায় আরও বক্তব্য দেন পার্টির জেলা সাধারণ সম্পাদক সাবেক সাংসদ টিপু সুলতান, মোজাম্মেল হক ফিরোজ, শাজাহান তালুকদার, গোলাম হোসেন প্রমুখ।