ধর্মপাশায় পানি সেচে মাছ শিকার, ২ জনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শাসকা জলমহাল ও পাশুয়া জলমহালসংলগ্ন সরকারি একটি ডোবার পানি সেচে অবৈধভাবে মাছ শিকারের দায়ে দুজনকে পৃথকভাবে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম পৃথকভাবে এ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শাসকা জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। গত শুক্রবার সকাল থেকে সেখানে চারটি শ্যালো মেশিন দিয়ে পানি সেচে মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ওই জলমহালে অভিযান চালান ধর্মপাশার ইউএনও মো. মুনতাসির হাসান। এ সময় মাছ ধরায় নিয়োজিত পাঁচ থেকে ছয়জন দৌড়ে পালিয়ে গেলেও মবিন মিয়া (৪০) নামের একজনকে আটক করা হয়। তাঁর বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার সুখদেবপুর গ্রামে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, উপজেলার জয়শ্রী ইউনিয়নের পাশুয়া জলমহালসংলগ্ন পাঁচ একরের একটি সরকারি ডোবা আছে। শনিবার থেকে সেখানে তিনটি শ্যালো মেশিন দিয়ে পানি সেচে মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে আজ বেলা দেড়টার দিকে সেখানে অভিযানে যান ধর্মপাশার সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম। অভিযানের খবর পেয়ে সেখানকার চার থেকে পাঁচজন দৌড়ে পালিয়ে গেলেও উপজেলার সরস্বতীপুর গ্রামের মোহাম্মদ আলীকে (২৪) ডোবা থেকে আটক করা হয়। তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।

ইউএনও মুনতাসির হাসান ও সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম প্রথম আলোকে বলেন, জলমহাল, বিল, ডোবা, খাল, নদ-নদী ও জলাশয়ের পানি সেচে তলা শুকিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ বেআইনি। এভাবে পানি সেচে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তাঁরা।