ধর্মপাশায় পুকুরপাড় থেকে অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের একটি পুকুরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল বারেকের (৬৫) বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকায়।

ধর্মপাশা থানা পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহনগঞ্জে আবদুল বারেকের স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে থাকেন। প্রতিদিন গভীর রাত পর্যন্ত অটোরিকশা চালান তিনি। গতকাল শনিবার রাত আটটার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি তিনি। আজ সকাল সাড়ে ছয়টার দিকে সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের একটি পুকুরপাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন নারী। খবর পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হন। এরপর খবর দিলে পৌনে নয়টার দিকে ধর্মপাশা থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত আবদুল বারেকের বুকপকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে মোহনগঞ্জ থানার মাধ্যমে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

নিহত আবদুল বারেকের ছেলে রাসেল মিয়া (৩৭) প্রথম আলোকে বলেন, ‘আমার আব্বার সঙ্গে কারও কোনো ঝগড়া ছিল না। গতকাল রাত আটটার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। কে বা কারা, কেন আমার আব্বাকে গলা কেটে হত্যা করেছে, তা বুঝতে পারছি না।’

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে অটোরিকশাচালক আবদুল বারেককে গলাকেটে হত্যার পর হত্যাকারীরা লাশ পুকুরপাড়ে রেখে গেছেন বলে মনে হচ্ছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ধর্মপাশা থানা থেকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।