ধর্মপাশায় প্রতিবন্ধী তরুণীর লাশ উদ্ধার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কামলাবাজার গ্রামের একটি বসতঘরের ভেতর থেকে মোছা. তাসলীমা আক্তার (২৩) নামের এক প্রতিবন্ধী তরুণীর লাশ আজ শনিবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। তাসলীমা ওই গ্রামের দিনমজুর জামির হোসেনের মেয়ে।
পুলিশ ও প্রতিবন্ধী ওই তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কামলাবাজ গ্রামের ওই প্রতিবন্ধী তরুণীর বড় ভাই মান্না মিয়া (২৫) গত বুধবার দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এ খবর পাওয়ার পর থেকে ওই প্রতিবন্ধী তরুণী নাওয়া–খাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়েন। আজ বিকেল পাঁচটার দিকে বসতঘরের আঁড়ের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান তাঁর ছোট ভাই রাফি মিয়া (১৮)।
পরে পরিবারের লোকজন তাঁকে নিচে নামিয়ে মাথায় পানি ঢেলে বাঁচানোর চেষ্ঠা করেন। কিন্তু এতে কোনো লাভ হয়নি। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ বলেন, তাসলীমার শরীরে আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি। তরুণীর বড় ভাই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই ওই তরুণী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।