ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে এখনো সাতটি পরিবার আছে। শুক্রবার ধর্মপাশার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যায় অর্ধলক্ষাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমায় এরই মধ্যে কোনো কোনো পরিবার আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়িতে ফিরেছে। বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার বাড়িতে ফিরতে পারছে না। শুক্রবার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ভয়াবহ বন্যায় ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ৫ হাজার পরিবার, পাইকুরাটি ইউনিয়নের ১০ হাজার, সেলবরষ ইউনিয়নের ৬ হাজার, জয়শ্রী ইউনিয়নের ৬ হাজার, মধ্যনগর ইউনিয়নের সাড়ে ৪ হাজার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে ৫ হাজার, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সাড়ে ৬ হাজার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের সাড়ে ৩ হাজার, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ৬ হাজার ও চামরদানী ইউনিয়নের ৪ হাজার পরিবার বন্যাকবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ১৬ জুন রাতে ধর্মপাশার বিভিন্ন লোকালয় প্লাবিত হয়। পানি বাড়তে থাকে। একপর্যায়ে উপজেলার সব কটি গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১৭ জুন সকালে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরের ভেতরে কোমরসমান পানি হয়ে পড়ায় অনেক পরিবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে তাঁদের মানবেতর জীবন যাপন করতে হয়। বর্তমানে বন্যার পানি কমলেও বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে পারছেন না। কেউ কেউ অবশ্য আশ্রয়কেন্দ্রে ছেড়ে বাড়িতে ফিরে গেছেন।

উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, জয়শ্রী ইউপির চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপির চেয়ারম্যান জু্বায়ের পাশা, বংশীকুণ্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, মধ্যনগর ইউপির চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার জানান, বন্যায় সরকারিভাবে যে ত্রাণসহায়তা পাওয়া গেছে, তা খুবই অপ্রতুল। উপজেলার ১০টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক পরিবার বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাহিদার তুলনায় সরকারিভাবে চার ভাগের এক ভাগের চেয়ে কম ত্রাণসামগ্রী পাওয়া গেছে। বন্যায় ২৫ থেকে ৩০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানুষ খুবই কষ্টে আছে। তবে ব্যক্তিগতভাবে অনেকেই ত্রাণসহায়তা নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, বন্যার পানি কমছে। অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ বসতবাড়িতে ফিরে যাচ্ছেন। বন্যার পানিতে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সরকারের পাশাপাশি অনেকেই ব্যক্তিগতভাবে ত্রাণসামগ্রী নিয়ে এগিয়ে আসছেন। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই দুর্যোগ কাটিয়ে ওঠা খুবই কষ্টকর। এ পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের বন্যার্ত মানুষের জন্য ৭০ টন চাল, ৫০০ প্যাকেট শুকনা খাবার ও ১৩ লাখ টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বিতরণ কার্যক্রম চলমান।