ধর্মপাশায় বাঁধ মেরামত করলেন গ্রামবাসী, রক্ষা পেল ১৫৫ হেক্টর জমির ধান
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়ধনা হাওরের ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেওয়ার পর স্থানীয় লোকজন বাঁশ ও বস্তাভর্তি মাটি দিয়ে বাঁধটি মেরামত করেন। গতকাল সোমবার সন্ধ্যার পর বাঁধটির প্রায় ৩০ ফুট অংশে ফাটল ধরে কিছু অংশ ধসে পড়ে। এরপর স্থানীয় ইসলামপুর ও মুক্তারপুর গ্রামের দুই শতাধিক মানুষ বাঁধটি মেরামত করেন। এতে ওই হাওরের প্রায় ১৫৫ হেক্টর জমির আধা পাকা বোরো ধান ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে গেছে, উপজেলার জয়ধনা হাওরটি সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীন। এ হাওরের আওতায় ১৭৫ হেক্টর বোরো জমি আছে। এর মধ্যে ১৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। এ হাওরের ফসল রক্ষা বাঁধটির দৈর্ঘ্য ৪০১ মিটার। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাঁধের প্রায় ৩০ ফুট স্থানজুড়ে ফাটল দেখা দেয় এবং বেশ কিছু অংশ ধসে যায়। এ খবর পেয়ে উপজেলার মুক্তারপুর ও ইসলামপুর গ্রামের দুই শতাধিক মানুষ বাঁশ, কোদাল ও বস্তা নিয়ে ওই বাঁধে ছুটে এসে রাত আটটার দিকে কাজ শুরু করেন। খবর পেয়ে রাত নয়টার দিকে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সালমুন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম প্রমুখ। এসব কর্মকর্তা দুই গ্রামের মানুষকে বাঁধ মেরামতের কাজে উৎসাহ দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাঁধের মেরামত কাজ শেষ করে কর্মকর্তারা সেখান থেকে চলে যান।
কৃষকদের অভিযোগ, ফসল রক্ষা বাঁধের সংস্কারের কাজটি যথাসময়ে শুরু করা হয়নি। শুরুতেই কাজটি ভালোভাবে করা হলে গ্রামবাসীকে সারা দিন রোজা রেখে রাতে বাঁধ ঠেকাতে এত কষ্ট করতে হতো না। প্রতিবছরই বাঁধের কাছে পানি চলে এলে কর্তৃপক্ষের টনক নড়ে। এর আগে তারা কোনো পদক্ষেপ নেয় না।
জয়ধনা হাওরের ৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হাফিজ উদ্দিন বলেন, বাঁধের কাজটি সঠিকভাবে করা হয়েছে। সময়মতো বরাদ্দকৃত কিস্তির টাকা পাওয়া যায়নি। ধারদেনা করে বাঁধের কাজ শেষ করেছেন তাঁরা। সোমবার রাত বাঁধে ফাটল ও ধস মেরামতে যে কাজ হয়েছে, তাতে তাঁদের নিয়োজিত শ্রমিকদেরও অংশগ্রহণ ছিল বলে দাবি করেন তিনি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন বলেন, বাঁধের কাজে তদারকিতে কোনো ঘাটতি ছিল না। নীতিমালা মেনেই বাঁধের কাজ করা হয়েছে। বাঁধটির এক পাশে কাউনাই নদী ও অপর পাশে গর্ত থাকায় একাংশে ফাটল ও ধসে গিয়েছিল। মেরামত করা হয়েছে। আর কোনো সমস্যা হবে না বলে আশা করেন তিনি।
ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, রাতের আঁধারে গ্রামবাসী হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামত কাজে এগিয়ে এসে বাঁধটি মেরামত করেছেন। হাওরের বোরো ফসল রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে।