ধর্মপাশায় ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলার ম্যাপ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উপস্থিতিতেই চাল ওজনে কম দেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ৯ হাজার ৪৩৭টি পরিবারের জন্য ৯৪ টন ৩৭ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে উপজেলার সেলবরষ ইউনিয়নের ১ হাজার পরিবারের জন্য ১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়।

গত মঙ্গলবার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খাদ্যগুদাম থেকে বরাদ্দ চাল তুলে তিনি ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখেন। গতকাল বুধবার সকালে ওই ইউনিয়নের একটি ওয়ার্ডে চাল বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অবশিষ্ট সব কটি ওয়ার্ডের ভিজিএফের চাল বিতরণ শুরু করা হয়। ভিজিএফ সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ৬ থেকে ৭ কেজি করে চাল দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আবদুল বারেক বলেন, ‘চাল বিতরণে ওজনে কম দেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে আজ বেলা একটার দিকে সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, সহসভাপতি জহির উদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দিন ও যুবলীগকর্মী সবুজ, মনিরসহ আমি ওই ইউনিয়ন পরিষদে যাই। আমরা ভিজিএফের চাল পাওয়া ২০-২৫ জনের চাল ওজন করে দেখতে পাই ১০ কেজি করে চাল দেওয়ার স্থলে গড়ে ৭ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আমরা বিষয়টি সঙ্গে সঙ্গে ইউএনওকে মুঠোফোনে জানিয়েছি।’

চাল বিতরণ কাজে ওই ইউনিয়নের তদারকির দায়িত্বে থাকা এলজিইডির উপসহকারী প্রকৌশলীর মনিরুল ইসলাম মুন্সী সেখানে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে কথা বলতে তাঁর মুঠোফোন কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশ না করার শর্তে ভিজিএফের চাল পাওয়া ভুক্তভোগী কয়েকজন জানান, চাল বিতরণে ওজনে কম দেওয়ার বিষয়টি তাঁরা চেয়ারম্যানকে বললেও তাতে কোনো কাজ হয়নি।

ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ বলেন, ‘আমি বরাদ্দকৃত চাল উত্তোলন করার পর সভা করে হিস্যা অনুযায়ী প্রতিটি ওয়ার্ডের চাল সংশ্লিষ্ট ইউপি সদস্যকে বুঝিয়ে দিয়েছি। চাল বিতরণকালে আমি ইউপি কার্যালয়ের কক্ষেই ছিলাম। তবে ভিজিএফের চাল বিতরণে ওজনে হেরফের করার বিষয়টি আমাকে কেউ জানাননি।’

ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম বলেন, তালিকার বাইরে অতিরিক্ত মানুষজন চলে আসায় সবাইকে চাল দিতে গিয়ে ১০ কেজির স্থলে ৮ থেকে সাড়ে ৮ কেজি করে বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ভিজিএফের চাল বিতরণের কোনো অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।