ধর্মপাশায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রামের মাঝের ছড়া নামক স্থানে একটি যাত্রীবাহী মোটরসাইকেলের ধাক্কায় হোসেন আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের বাকাতলা গ্রামের বাসিন্দা।
উপজেলার মধ্যনগর থানা–পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাকাতলা গ্রামের বাসিন্দা হোসেন আলী বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় মহিষখলা বাজারে যাওয়ার উদ্দেশে নিজ বসতঘর থেকে বের হন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাকাতলা গ্রামের খানিকটা পূর্ব দিকে মাঝের ছড়া সড়কে এলে একটি মোটরসাইকেল পেছন থেকে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে এলাকার লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে পাশের নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুপুর ১২টার দিকে তিনি মারা যান। পরে তাঁর লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান বুধবার বিকেল পৌনে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যে মোটরসাইকেলচালক ওই বৃদ্ধকে ধাক্কা মেরেছেন, তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। নিহত ওই বৃদ্ধের পরিবারের সদস্যদের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’