ধর্মীয় রীতিতে সম্মান জানিয়ে তালতলীর বৌদ্ধবিহারের প্রধান পুরোহিতকে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মগুরু উ সুগান্দা মহাথেরোরকে ধর্মীয় বিনয় ও সম্মান দেখিয়ে শেষ বিদায় জানান ভক্তরা। শুক্রবার বিকেলে বরগুনার তালতলী উপজেলার কেন্দ্রীয় জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের পাশে মাঠে
ছবি: প্রথম আলো

বরগুনার তালতলী উপজেলার কেন্দ্রীয় জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের প্রধান পুরোহিত ধর্মগুরু উ সুগান্দা মহাথেরোর (৮৪) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেয়ারামা বৌদ্ধবিহারের পাশের মাঠে ধর্মীয় বিনয় ও সম্মান দেখিয়ে তাঁকে বিদায় জানানো হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেন তালতলী, কুয়াকাটা, কলাপাড়া, বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন এলাকার বৌদ্ধ ভিক্ষু ও রাখাইন সম্প্রদায়ের মানুষ।

ভিক্ষু উ সুগান্দা মহাথেরো গত বছরের ২৪ নভেম্বর দেহত্যাগ করেন। এরপর তাঁর মরদেহ চা–পাতা, তামাক ও অন্যান্য সামগ্রী দিয়ে মমি করে ধর্মীয় রীতি অনুযায়ী সংরক্ষণ করা হয়। আজ শুক্রবার বিকেল চারটায় তালতলী কেন্দ্রীয় মন্দিরের পাশের মাঠে ধর্মীয় রীতি অনুযায়ী বারুদ দিয়ে আতশবাজির মাধ্যমে দাহ করা হয়।

রাখাইন সম্প্রদায়ের প্রবাদ অনুযায়ী, ‘জন্মে কাঁদো, মৃত্যুতে হাসো।’ গৌতম বুদ্ধের মতানুসারে, ‘জীবন হলো দুঃখের অসীম সমুদ্র। জীবনের একমাত্র চাওয়া হচ্ছে নির্বাণপ্রাপ্তি। আর এই নির্বাণ আসে মৃত্যুতে। তাই মৃত্যু আনন্দের ও অপার শান্তিময়।’ সেই মত অনুসারে রাখাইনরা অন্ত্যেষ্টিক্রিয়া একটি সামাজিক উৎসবে পরিণত করে জীবনকে স্মরণীয় করে তোলেন। এটা তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। বিশেষ করে রাখাইন পুরোহিতদের অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে আয়োজন হয় বর্ণিল উৎসবের। তবে করোনা পরিস্থিতির কারণে ভিক্ষু উ সুগান্দা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া হয় স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরে।

আজ সকাল ১০টার দিকে উ সুগান্দা মহাথেরোর মরদেহ আনা হয় জেয়ারামা বৌদ্ধবিহারের পাশের মাঠে। এ জন্য নির্মাণ করা হয় সুবিশাল গৃহরথ। বাঁশ দিয়ে তৈরি এ গৃহরথ সুসজ্জিত করা হয় রঙিন কাগজ আর বাহারি রং দিয়ে (বৌদ্ধমন্দিরের আদলে তৈরি)। এ ঘরে অন্তিম ঘুমে মগ্ন পুরোহিতকে রাখা হয়। এরপর সর্বোচ্চ ধর্মীয় বিনয় ও সম্মান জানিয়ে তাঁকে বিদায় জানানো হয়। এতে যোগ দেন বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান পুরোহিত ও ভক্তরা।

রাখাইন সম্প্রদায়ের প্রবাদ অনুযায়ী, ‘জন্মে কাঁদো, মৃত্যুতে হাসো।’ গৌতম বুদ্ধের মতানুসারে, ‘জীবন হলো দুঃখের অসীম সমুদ্র। জীবনের একমাত্র চাওয়া হচ্ছে নির্বাণপ্রাপ্তি। আর এই নির্বাণ আসে মৃত্যুতে। তাই মৃত্যু আনন্দের ও অপার শান্তিময়।’

জেয়ারামা বৌদ্ধবিহারের অর্থ সম্পাদক তেন মং থে প্রথম আলোকে বলেন, অন্ত্যেষ্টিক্রিয়া আগে পুরোহিতের মরদেহ স্থানান্তর করা হয় (কফিনটি সুসজ্জিত রথের বাইরে রাখা হয়)। এরপর কফিনবাহী সুসজ্জিত রথ ঘিরে তরুণীরা নৃত্য করেন। কফিনটি রথের অভ্যন্তরে বানানো ড্রাগন আকৃতির দোলনায় তুলে রাখাইন তরুণীরা দোলান আর ধর্মীয় সংগীত (এয়েনচুয়ে) পরিবেশন করেন। পুরোহিত যেদিন প্রথম পৃথিবীতে আসেন, সেদিন যেমন নিষ্পাপ ছিলেন, তেমন নিষ্পাপ হয়ে তিনি বিদায় নিলেন। এমন অবস্থা বোঝাতেই তাঁর কফিনটি দোলনায় দোলানো হয়। এরপর রথে তাঁর কফিনটি তুলে রাখাইন নর-নারীরা দুদিকে রশি ধরে টানেন। এ রথ টানার শেষ হয় বিকেলে। এরপর ধর্মীয় গান, নৃত্য, ধ্যান শেষে আতশবাজি দিয়ে তাঁর কফিনটি প্রকৃতির মধ্যে বিলীন করে দেওয়া হয়। এ জন্য বাঁশ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় প্রায় ৬০০ আতশ।

স্থানীয় রাখাইন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উ সুগান্দা মহাথেরোর ৬০ বছর বয়সে তিনি ভিক্ষুত্ব (ওয়া) গ্রহণ করেন ধর্মগুরু উ ক্যালা চা মহাথেরোর কাছে। এরপর ২০১০ সালে তিনি তালতলী জেয়ারামা মঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। এ বিহারে ৮৪ মণ ওজনের বুদ্ধমূর্তি আছে। এর আগে ২০১০ সালের ২৮ মার্চ তালতলী জেয়ারামা বৌদ্ধবিহারের পুরোহিত সংঘনায়েক উকেলাচার একইভাবে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। ১৯৯৯ সালে তালতলী বৌদ্ধবিহারের সংঘনায়েক উতারা মহাথের পরলোকগমন করলে এমন উৎসবের মধ্য দিয়ে তাঁরও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।