ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের মামলায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এক কিশোরীকে (১৪) ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের মামলায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সিরাজুল ইসলাম (৬০), তাঁর মেয়ে মোছাম্মদ বকুল বেগম (২৮), পুত্রবধূ সীমা আক্তার (৩০) ও স্থানীয় ইসলামিয়া মডেল হাসপাতালের আয়া নাজমা বেগম (৪০)।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, ওই কিশোরীর দূরসম্পর্কের নানা হন সিরাজুল ইসলাম। ছয় মাস আগে ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি ধামাচাপা দিতেই গতকাল বুধবার কিশোরীর গর্ভপাত করানো হয়। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের অভিযোগে মামলা করা হয়েছে। পরে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তিতেই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি ডাস্টবিন থেকে গতকাল রাতে গর্ভপাত করা নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।