ধর্ষণ মামলায় ১৬ বছর পর একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গৃহবধূকে ধর্ষণের দায়ে রেজয়ান আলী (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় ঘোষণা দেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না। তিনি ঢাকায় রিকশা চালাতেন। বাড়িতে দেড় বছরের ছেলেসন্তানকে নিয়ে থাকতেন ওই গৃহবধূ। ২০০৪ সালের ২ মার্চ রাতে ঘরের বাইরে বের হন তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা রেজয়ান আলী একা পেয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন রেজয়ান পালিয়ে যান। পরদিন ৩ মার্চ রেজয়ানকে আসামি করে বদরগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন ওই গৃহবধূ

ঘটনার ১৬ বছরেরও বেশি সময় পর আজ রোববার এই মামলার রায় ঘোষণা করা হয়। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি রেজয়ান আলী পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে বিচারক তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া জরিমানার এক লাখ টাকা আদায় করে ওই গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।