ধর্ষণচেষ্টা মামলায় চাচাশ্বশুর গ্রেপ্তার
রাজশাহীর মোহনপুর উপজেলায় গৃহবধূকে (৩২) ধর্ষণচেষ্টার মামলায় তাঁর এক চাচাশ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে চাচাশ্বশুরের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে ৩১ মে ভোরে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে ওই গৃহবধূকে তাঁর চাচাশ্বশুর কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত সোমবার ভোরে ওই গৃহবধূ বাড়ির পাশে পানের বরজ পরিষ্কার করতে যাচ্ছিলেন। পানের বরজে পৌঁছামাত্রই ওই গৃহবধূর মুখ চেপে ধরে ওই চাচাশ্বশুর তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। তখন গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে চাচাশ্বশুর পালিয়ে যান। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার জন্য চাপ দিতে থাকেন ওই গৃহবধূর চাচাশ্বশুর। পরে গতকাল রাতে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন গৃহবধূ।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এলাকায় ঘটনাটি মীমাংসার জন্য চাপ দেওয়া হয়েছিল। পরে গৃহবধূ গতকাল বৃহস্পতিবার থানায় এসে ধর্ষণচেষ্টার মামলা করেন। আজ সকালে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।