ধর্ষণের ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র
চুয়াডাঙ্গায় একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) পিয়ার উদ্দিন ঘটনার প্রায় দেড় মাসের মাথায় জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২১ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের বাসিন্দা এবং ওই মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল দুপুরে ওই ছাত্রী শহরের থানা কাউন্সিল পাড়ায় ওই শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে যায়। তখন ওই ছাত্রীটিকে তিনি তাঁর কক্ষে নিয়ে ধর্ষণ করেন। প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ, মেডিকেল প্রতিবেদন ও আদালতে ২২ ধারায় দেওয়া ভিকটিমের জবানবন্দি পর্যালোচনায় অপরাধ প্রমাণিত হয়েছে।
ছাত্রীকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে ৪ মে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। অভিভাবকেরা বিদ্যালয়ে ঢুকে তাঁকে গণপিটুনি দেন। ধর্ষণের শিকার ওই ছাত্রীর ভগ্নিপতি বাদী হয়ে রাতে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
উল্লিখিত ঘটনা নিয়ে প্রথম আলোয় ৫ মে ‘ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি’ এবং ৬ মে ‘অভিযুক্ত শিক্ষক কারাগারে, চাকরি থেকে বরখাস্ত’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।