ধর্ষণের পর শিশুকে মেরে ফেলার ভয় দেখানোর অভিযোগ
কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক চা–দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দোকানিকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় কোরআন শরিফ পড়তে যাচ্ছিল। পথে চা–দোকানি বশির আহমদ (৪৮) ফুসলিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির হাতে ৫০ টাকা দিয়ে এ ঘটনা কাউকে বললে মেরে ফেলা হবে বলে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে শিশুটি মাদ্রাসায় না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়।
শিশুটির মা জানান, শিশুটি বাড়িতে ঢুকে কাঁদতে কাঁদতে তাকে চা–দোকানি বশির আহমদ ধর্ষণ করেছেন বলে জানায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ বশিরকে গ্রেপ্তার করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যুবায়ের বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন। শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বশির আহমদকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।