ধর্ষণের ভিডিও ছড়ানোর দায়ে বৃদ্ধের ১৪ বছরের দণ্ড
দুই কিশোরীকে ধর্ষণের পর ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান আজ বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিত আল-আমিন ওরফে আকিল সরদারের (৬০) বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ২৩ অক্টোবর নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক কিশোরীকে কবিরাজ সেজে ধর্ষণ করেন আল-আমিন। এ ঘটনা মুঠোফোনে ধারণ করে ভয় দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। একই বছরের ১৫ নভেম্বর আরেক কিশোরীকে চিকিৎসার কথা বলে ধর্ষণ করেন আল-আমিন। সেই ঘটনারও ভিডিও ধারণ করেন। ধর্ষণের ঘটনা কাউকে জানালে দুই কিশোরীই মারা যাবে বলে তাঁদের ভয় দেখাতেন তিনি। ওই বৃদ্ধ দুই কিশোরীকে তাঁর কাছে যাওয়ার জন্য চাপ দিতেন। তাঁরা না গেলে ধর্ষণের ভিডিও বিভিন্ন ব্যক্তির মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেন আল-আমিন। পরে প্রথম কিশোরীর বাবা বাদী হয়ে ২০১৬ সালের ২৪ নভেম্বর বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম প্রথম আলোকে বলেন, মামলার পর পুলিশ তদন্ত করে নাটোরের আদালতে আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নাটোরের আদালত থেকে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অংশটির বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়। পরে রাজশাহীতে সাইবার ট্রাইব্যুনাল গঠিত হলে এটি এখানে চলে আসে। এখানে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত।
তিনি আরও জানান, রাজশাহীর আদালতে শুধু ভিডিও ছড়িয়ে দেওয়ার বিচার হলো। ধর্ষণের জন্য মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারার অংশটির বিচার চলছে নাটোরের আদালতে। ওই অংশটুকুর রায় এখনো হয়নি। মামলা একটি হলেও ধারা আলাদা থাকার কারণে বিচার দুই আদালতে চলছে বলে জানান আইনজীবী ইসমত আরা।