ধর্ষণের মামলা প্রবাসীর স্ত্রীর, গৃহশিক্ষক গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ মামলা করার পর এক গৃহশিক্ষককে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই গৃহশিক্ষকের (১৯) বাড়ি উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের একটি গ্রামে। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। মামলার বাদী গৃহবধূও (২৯) একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কলেজছাত্র প্রবাসীর বাড়িতে গিয়ে মেয়েকে প্রাইভেট পড়াতেন। এই সুযোগে তিনি মেয়েটির মাকে বিভিন্ন সময় আকারে-ইঙ্গিতে কুপ্রস্তাব দেন। এ অবস্থায় মেয়েকে ওই গৃহশিক্ষকের কাছে পড়ানো বন্ধ করে দেন প্রবাসীর স্ত্রী।
২৩ সেপ্টেম্বর বাড়িতে রাত নয়টার দিকে প্রবাসীর বাড়িতে প্রবেশ করেন ওই কলেজছাত্র। শয়নকক্ষে ঢুকে হত্যার ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কলেজছাত্র পালিয়ে যান।
উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাহেব গনি প্রথম আলোকে বলেন, ওই প্রবাসীর স্ত্রী শনিবার সকালে থানায় মামলা করেছেন। এরপর আসামি কলেজছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রবাসীর স্ত্রীকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।