ধসে গেছে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের ১০০ মিটার ব্লক
বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সৃষ্ট অতিরিক্ত স্রোতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার জন্য নির্মিত ডান তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় ১০০ মিটার অংশের ব্লক ধসে গেছে।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া-ভূতবাড়ি এলাকায় এ ব্লক ধসে নদীতে বিলীন হয়েছে। এর ফলে বর্ষা মৌসুমের শুরুতেই ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশপাশের জনবসতি।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অর্থায়নে ভাঙনরোধে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০১৬ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে পুকুরিয়া-ভূতবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষার কাজ করা হয়।
নদীর তীরে স্লোপ করে এর ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপন করা হয়। কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বেড়ে প্রবল স্রোত নদীর তীরে আঘাত হানায় প্রকল্প এলাকায় ভাঙন শুরু হয়।
স্থানীয় লোকজন জানান, তীব্র স্রোতে তীর সংরক্ষণ প্রকল্পের সিসি ব্লক দফায় দফায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে বিভিন্ন অংশ ফাঁকা হয়ে যাওয়ায় পুরো বাঁধ এলাকা ভাঙনের হুমকিতে পড়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে তীর সংরক্ষণ এলাকা। তৈরি হয়েছে বড় বড় ফাটল। ভাঙনে ঘরবাড়ি হারানোর ভয়ে আছেন নদীতীরবর্তী মানুষ।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, যমুনা নদীর স্রোতের গতি বৃদ্ধি পেয়েছে। এ কারণে তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন এলাকা মেরামত করা না হলে সম্পূর্ণ বাঁধ নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। জরুরিভাবে ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পাউবো কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
জানতে চাইলে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পুরো ভাঙন এলাকা চিহ্নিত করে বালুভর্তি বস্তা ফেলে ও ব্লক বসিয়ে মেরামতের ব্যবস্থা করা হবে।