নগরকান্দায় কুমার নদে ভাঙন
ধসে গেছে স্থাপনা, ঝুঁকিতে থানা
ভাঙনের ঝুঁকিতে রয়েছে নগরকান্দা থানা, সরকারি এমএন একাডেমির দুটি নতুন ভবন, নগরকান্দা বাজার ও সাবরেজিস্ট্রার ভবন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার গাংজগদিয়া এলাকা কুমার নদের ভাঙনের কবলে পড়েছে। গত দুই দিনে ওই এলাকার বসতবাড়ি, মন্দিরসহ ১১টি স্থাপনা নদে ধসে পড়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে নগরকান্দা থানা, সরকারি এমএন একাডেমির দুটি নতুন ভবন, নগরকান্দা বাজার ও সাবরেজিস্ট্রার ভবন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১১টার দিকে কুমার নদে ভাঙন শুরু হয়। গতকাল মঙ্গলবারও ভাঙন অব্যাহত ছিল। গাংজগদিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছন থেকে শুরু করে পশ্চিমে সাবরেজিস্ট্রি অফিস পর্যন্ত ২৩০ মিটার এলাকাজুড়ে এই ভাঙন চলছে। এই এলাকা নগরকান্দা পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের অধীন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, কুমার নদের ভাঙনে ইতিমধ্যে গাংজগদিয়া মহল্লায় গঙ্গামন্দির ধসে গেছে। এ ছাড়া নদীভাঙনে উজ্জ্বল মালো, নিত্য মালো, নীল কমল মালো, সুব্রত মালো, বিশ্বেশ্বর মালো, আনন্দ মালো, সঞ্জয় পাল, কুটিশ্বর মালো, উজ্জ্বল বিশ্বাস ও মোকাররম হোসেনের ঘর ভেঙে গেছে। এর মধ্যে গঙ্গামন্দির ও উজ্জ্বল মালোর বাড়িটি ছিল পাকা। অন্যগুলো ছিল আধা পাকা।
উজ্জ্বল মালো বলেন, ‘দেড় বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই এলাকায় খননকাজ করে। ওই সময় খননযন্ত্র বসিয়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি মাটি তোলায় আমাদের এ সর্বনাশ হয়েছে। ওই সময় আমরা আপত্তি জানিয়েছিলাম। কিন্তু আমাদের কথায় কেউ কর্ণপাত করেননি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা বলেন, গত বছর আগস্টে নদের ওই অংশে একটি খননযন্ত্র বসিয়ে আশপাশের কয়েকটি পুকুর ভরাট করা হয়েছিল। নদ থেকে অবৈধভাবে মাটি তোলায় এ সমস্যা হয়েছে।
সরকারি এমএন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, পাউবোর কিছু অর্থলোভী ব্যক্তির কারণে নদ খননের সময় প্রয়োজনের তুলনায় বেশি মাটি কাটা হয়। এর ফলে এ ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে এখনই ব্যবস্থা নেওয়া না গেলে ভবিষ্যতে এই বিদ্যালয়সহ সরকারি অনেক স্থাপনা নদে বিলীন হয়ে যাবে।
ভাঙনের সংবাদ পেয়ে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও জেতী প্রু বলেন, ‘নদের পাড়ে ফাটল হওয়ায় ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত জানিয়েছি। জরুরি ভিত্তিতে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পাউবোকে অনুরোধ করেছি।’
পাউবোর ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, নদ খননের জন্য পাড় দেবে গেছে, এ অভিযোগের সত্যতা নেই। নদের গভীরতা আগের চেয়ে এক থেকে দেড় মিটার পর্যন্ত বেড়েছে। এতে ধারণক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে পানির চাপও বাড়ছে। ক্ষতিগ্রস্ত এলাকা মাপা হয়েছে। গতকাল থেকেই গাবগাছ, বাঁশ দিয়ে ওই এলাকায় ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।