ধান-চাল ক্রয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

ধান-চাল ক্রয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা খাদ্যগুদাম পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মন্ত্রী নিজে গুদামে ঢুকে সেখানকার ধান ও চাল পরীক্ষা করেন।

খাদ্যমন্ত্রী বলেন, নিয়ম মেনে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। কোনোভাবেই যেন গুদামে নিম্নমানের চাল না ঢোকে, সে ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। ধান-চাল ক্রয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলছে। এটিকে সফল করতে হবে। সুনামগঞ্জের হাওরে এবার অনেক জমিতে বোরো আবাদ হলেও কিছু জমি পাহাড়ি ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কৃষকদের হয়রানি করা যাবে না। সরকারি গুদামে ধান দিতে তাঁদের উৎসাহিত করতে হবে। ধান ও চালের মান ঠিক রাখতে হবে। মানের ব্যাপারে কোনো আপস করা যাবে না।

গুদাম পরিদর্শনকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের পরিচালক মো. রায়হানুল কবীর, সিলেট বিভাগীয় খাদ্য কর্মকর্তা মো. মাইন উদ্দিন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী পরে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখেন। সকালে তিনি সুনামগঞ্জ সদরের মল্লিকপুর খাদ্যগুদাম পরিদর্শন করেন।