ধান ছেড়ে ঘাস চাষে ঝোঁক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর

একসময় গ্রামের যেসব মাঠে ধানের আবাদ হতো, এখন সেখানে বাণিজ্যিকভাবে ঘাসের চাষ হচ্ছে। রংপুরের তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের ইকরচালী গ্রামের দেড় শতাধিক কৃষক নেপিয়ার জাতের ঘাস চাষ করে জীবিকা নির্বাহ করছেন। অন্যদের মধ্যেও এর জনপ্রিয়তা বাড়ছে।

তারাগঞ্জ উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে ইকরচালী গ্রাম। ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, চার–পাঁচ বছর ধরে গ্রামের কৃষকেরা ধানের আবাদ কমিয়ে দিয়ে ঘাসের চাষ করছেন। এতে লাভ বেশি। ব্যবসায়ীরা গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে এসব ঘাস কিনে বিভিন্ন বাজারে বিক্রি করেন।

ঘাসচাষিদের ভাষ্য, ধান কাটার পর আবার নতুন করে চাষের জন্য জমি প্রস্তুত থেকে শুরু করে নানা কাজ করতে হয়। এতে যেমন খরচ হয়, তেমন লাভ পাওয়া যায় না। অন্যদিকে নেপিয়ার জাতের ঘাস একবার চাষ করলে সাত থেকে আট বছর বিক্রি করা যায়। এর মধ্যে শুধু জমি পরিচর্যার খরচ বহন করতে হয়।

সম্প্রতি ইকরচালী গ্রামের মাঠে দেখা যায়, কেউ ঘাস কাটছেন, কেউ আঁটি বেঁধে রিকশায় তুলে বাজারে নিচ্ছেন। গ্রামের কয়েকজন চাষি বলেন, পাঁচ-ছয় বছর আগেও এ গ্রামের মানুষ ঘাস চাষ করে যে জীবিকা নির্বাহ করা যায়, তা খুব বেশি জানতেন না। শুরুর দিকে গ্রামের ছাবেদ আলী এ ঘাস চাষ করে লাভের মুখ দেখেন। তাঁর দেখাদেখি অন্যরাও চাষ শুরু করেন।

চাষিরা জানান, এক একর জমিতে ঘাস চাষ করতে প্রথমে খরচ হয় ৩৫–৩৬ হাজার টাকা। এর পরের সাত-আট বছরে তেমন খরচ নেই। কাটার কিছুদিন পর আবার গোড়া থেকে নতুন ঘাস গজায়। তখন শুধু কিছু কীটনাশক ব্যবহার ও পরিচর্যা করতে হয়। কেউ কেউ ঘাস বিক্রি করে বছরে ১ লাখ ৭০-৭৫ হাজার টাকা পর্যন্ত আয় করেন।

গ্রামের ছাবেদ আলীকে ঘাসের পরিচর্যায় ব্যস্ত দেখা যায় জগদীশপুর মাঠে। তিনি বলেন, ‘ঘাস মোর সংসারের চাকা ঘুরি দিছে। এ্যালা নিজের ৪০ শতক জমি আছে। আগোত মুই মাইনষের জমি বর্গা নিয়া ধান আবাদ করছুনুং। লাভ বেশি হওয়ায় চার বছর থাকি এক একর জমিত ঘাসের আবাদ করুছুং। বছরে খরচ বাদে মোর ১ লাখ ৬০ হাজার টাকা করি লাভ হওছে।’

উপজেলার ওকড়াবাড়ি হাটে ঘাস বিক্রি করেন ইকরচালী গ্রামের বাচ্চু মিয়া। তিনি বলেন, ধানের চেয়ে ঘাস চাষে লাভ প্রায় তিন গুণ। বছরে এক একর জমিতে দুবার ধান চাষ করা যায়। এতে খরচ বাদে ধান বিক্রি করে বছরে ৪৫ হাজার টাকা আয় হয়। কিন্তু বছরে সাতবার খেত থেকে ঘাস বিক্রি করা যায়। এতে খরচ বাদ দিয়ে (এক একর জমি) বছরে প্রায় দেড় লাখ টাকা আয় করা যায়।

প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান বলেন, তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে চার শতাধিক মানুষ এখন বাণিজ্যিকভাবে নেপিয়ার ঘাস চাষ করছেন। এতে একদিকে গোখাদ্যের চাহিদা পূরণ হচ্ছে।