‘ঢলতা’ নিয়ে সমঝোতা হয়নি
ধান নিয়ে বিপাকে চাষি
সভায় প্রতি দুই মণে দুই কেজি ধান ‘বস্তার ওজন’ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত হলেও গতকাল ধান কেনাবেচা বন্ধ রেখেছেন অর্ধশতাধিক আড়তদার।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কৃষকদের উৎপাদিত ধান বাজারে বিক্রি করতে প্রতি দুই মণে চার থেকে পাঁচ কেজি ধান ‘ঢলতা’ হিসেবে বেশি দিতে হয় আড়তদারদের। এ ‘ঢলতা’ তোলা বন্ধ করতে গত মঙ্গলবার রাতে আড়তদারদের নিয়ে সভা করে উপজেলা প্রশাসন।
সভায় প্রতি দুই মণে দুই কেজি ধান ‘বস্তার ওজন’ হিসেবে নেওয়ার সিদ্ধান্ত হলেও গতকাল বুধবার ধান কেনাবেচা বন্ধ রেখেছেন শহরের দুটি ধান বাজারের অর্ধশতাধিক আড়তদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান, কৃষি কর্মকর্তা আলমগীর কবিরকে নিয়ে আড়তদারদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা সভা করা হয়। সভায় আড়তদারেরা প্রতি দুই মণে বস্তার ওজন হিসেবে দুই কেজি ধান বেশি দেওয়ার সিদ্ধান্ত মেনে নেন। কিন্তু সভার সিদ্ধান্ত না মেনে গতকাল আড়তদারেরা কৃষকের কাছ থেকে ধান কিনা বন্ধ রেখেছেন।
সভায় সিদ্ধান্তের পরও গতকাল আড়তদারেরা ধান না কেনায় কৃষকেরা শহরে এসে বিপাকে পড়েন। পরে ১১টার দিকে উপায়ান্তর না পেয়ে কৃষকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে তাঁরা ভোগাই নদীর সেতুর সম্মুখে অবস্থান করে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় কৃষকেরা প্রশাসনের সিদ্ধান্ত মেনে প্রতি দুই মণে দুই কেজি ধান বেশি হিসেবে ধান বিক্রির দাবিতে স্লোগান দিতে থাকেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে কৃষকেরা তাঁদের অবস্থান থেকে সরে যান। বেলা দুইটার দিকে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান ও ওসি বছির আহম্মেদ আড়তদারদের নিয়ে আবারও নালিতাবাড়ী বাজারে আলোচনায় বসেন। এ সময় প্রতি দুই মণে দুই কেজি ধান বেশি হিসেবে ধান কিনতে কিছু আড়তদার রাজি হলেও অধিকাংশই অস্বীকৃতি জানান।
আমরা মণে ৪১ কেজি কৃষকদের দিতে সিদ্ধান্ত দিয়েছি। কিন্তু আড়তদারদের নাকি পোষায় না। তাঁরা এই মাপে ধান কেনা বন্ধ রেখেছেন। দুই দিনের সময় নিয়েছেন আড়তদারেরা।মোকছেদুর রহমান উপজেলা চেয়ারম্যান, নালিতাবাড়ী
কৃষকেরা ২ মণে ৮০ কেজির স্থলে ৮২ কেজি ধান দিতে আগ্রহ প্রকাশ করেন। আড়তদারেরা দুই মণে কৃষকদের কাছ থেকে ৮২ কেজি নেওয়া হলে তাঁদের লোকসান গুনতে হবে জেনে ধান কেনা বন্ধ রাখেন। এতে কয়েক শতাধিক কৃষক গাড়িভাড়া দিয়ে বাজারে ধান নিয়ে এসে বিপাকে পড়েন।
উপজেলার বরুয়াজানী গ্রামের কৃষক রুস্তম আলী বলেন, ‘এমনিতেই এইবার শিলাবৃষ্টিতে কৃষকেরা ৩০-৪০ মণ হারে একরে ধান পাইছে। শ্রমিকের মজুরি বেশি দেওয়ন লাগছে। অহন বাজারে ধান লইয়া বিপদে পড়ছি। মণে ওগরে ৪২ কেজি ধান দিওয়ন লাগবো। এইডা তো কৃষকগরের ওপর ব্যবসায়ীগর এক রহমের ডাকাতি। এর সুষ্ঠু সমাধান চাই।’
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা মণে ৪১ কেজি কৃষকদের দিতে সিদ্ধান্ত দিয়েছি। কিন্তু আড়তদারদের নাকি পোষায় না। তাঁরা এই মাপে ধান কেনা বন্ধ রেখেছেন। দুই দিনের সময় নিয়েছেন আড়তদারেরা। এরপর তাঁরা সিদ্ধান্ত জানাবেন।’