ধান রোপণ নিয়ে দ্বন্দ্ব, ইটের আঘাতে প্রাণ হারালেন কৃষক
বোরো জমিতে ধানের চারা রোপণ নিয়ে দুই ব্যক্তির তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন নুরুল হক (৫৫) নামের এক কৃষক। আজ রোববার দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গাজিপুর গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার গাজিপুর হাওরের একটি জমিতে বোরো ধানের চারা রোপণ করছিলেন আলী মিয়া নামের এক কৃষক। এতে বাধা দেন নুরুল হক। জমির মালিকানা নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে আলী মিয়া খেতের পাশে থাকা একটি ইট দিয়ে আঘাত করেন নুরুল হকের মাথায়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় আজ বেলা ৩টায় ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল হক সম্পর্কে আলী মিয়ার ভাগনে হন।
এদিকে পুলিশ খবর পেয়ে হবিগঞ্জ হাসপাতালে নিহত ব্যক্তির সুরতহাল সম্পন্ন করে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন প্রথম আলোকে বলেন, ধানি জমিতে বোরো চারা রোপণ নিয়ে ঝগড়া থেকে কৃষক নুরুল হকের মাথায় ইট দিয়ে তাঁর প্রতিপক্ষ আঘাত করলে তিনি গুরুতর আহত ও পরে হাসপাতালে প্রাণ হারান। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।