ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ধানের খেত। সেই ধান গলাপানিতে নেমে কেটে ঘরে তুলেছেন কৃষক আবদুল মালেক। মাড়াইয়ের পর ধান শুকানোর জন্য ভাড়া করে আনেন বড় একটি স্ট্যান্ড ফ্যান। সেই ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে আবদুল মালেকের ছেলে কুদ্দুস আলী (১৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত পাইকারপাড়া গ্রামে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। কুদ্দুস আলী কামারপুকুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

নিহত কিশোরের পরিবারের লোকজন বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে জমির সব ধান তলিয়ে যায়। বৃষ্টির কারণে বাড়িতে মাড়াই করা ধানও শুকাতে পারছিলেন না তাঁরা। তাই ধান শুকানোর জন্য আজ সকাল ১০টার দিকে চিকলী বাজারের একটি ডেকোরেশনের দোকান থেকে বড় একটি স্ট্যান্ড ফ্যান ভাড়া করে আনেন। সেই ফ্যানে বিদ্যুতের সংযোগ দিতে যায় কুদ্দুস। বাড়ির বারান্দায় মেইন সুইচের সঙ্গে সংযোগ স্থাপনের সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

আবদুল মালেক বলেন, ‘পেটের খাবার বাঁচার যায়া ছাওয়াটায় মোর হারাইল। মুই কী অপরাধ করছিনো, মোর বেটাটাক কাড়ি নেয়! এই দুঃখ মুই কেমন করি সইম!’

আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর আবদুল মালেকের বাড়িতে গিয়েছিলেন। এটি খুব দুঃখজনক ঘটনা।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বেলা দুইটায় মুঠোফোনে বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি জেনেছেন। ঘটনাস্থলে গিয়ে সবার সঙ্গে কথা বলবেন।