ধানখেতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তার, প্রাণ গেল দাদি-নাতির
নোয়াখালীর চাটখিল উপজেলায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক বৃদ্ধা ও তাঁর নাতি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নে পূর্ব পরকোর্ট গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে ঘটনাটি তদন্তে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
নিহত ব্যক্তিরা হলেন পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই বাড়ির তাঁর দূরসম্পর্কের নাতি মো. জিহাদ হোসেন (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় হায়াতের নেছা তাঁর নাতি জিহাদ হোসেন ও নুসরাত জাহানকে (৯) নিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। সেখানে থেকে তাঁরা ধানখেতের আল দিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় ধানখেতে পড়ে থাকা একটি ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে জিহাদ অচেতন হয়ে যান। এ সময় হায়াতের নেছা নাতিকে উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনা দেখে নুসরাত জাহান বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে ঘটনাস্থলে ডেকে আনলে তাঁরা দেখেন, দাদি-নাতি দুজনেরই মৃত্যু হয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, ওই ধানখেতের মধ্যে বেশ কিছুদিন ধরে পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে আছে। তবে বিদ্যুৎ বিভাগ সেটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। এ দুর্ঘটনার পেছনে তাঁরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, পল্লী বিদ্যুতের ওই লাইন ছিল ‘এলটি’ লাইন। লাইনের তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি স্থানীয় কেউ পল্লী বিদ্যুৎ অফিসে কিংবা অভিযোগ কেন্দ্রে অবহিত করেননি। তাই এ দুর্ঘটনা ঘটেছে।
জিএম গোলাম মোস্তফা বলেন, এ ঘটনার পর তৎক্ষণাৎ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাটখিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পরকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার আলম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। একই পরিবারের দুজনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।