ধানখেতে পড়ে ছিল পাট ব্যবসায়ীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশের প্রতীকী

ফরিদপুরে সদর উপজেলার একটি ধানখেতে পড়ে ছিল পাট ব্যবসায়ীর লাশ। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম হামেদ মোল্লা (৫৩)। তিনি একই গ্রামের মৃত মনু মোল্লার ছেলে। হামেদ এক ছেলে ও এক মেয়ের বাবা। তিনি কানাইপুর বাজারের একজন পাট ব্যবসায়ী ছিলেন।

পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন হামেদ। সারা রাত তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সকালে এলাকাবাসী হামেদের লাশ বাড়ি থেকে ২০০ মিটার দূরে ধানখেতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। তাঁর পরনে লুঙ্গি এবং গায়ের জামা গলায় প্যাঁচানো ছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ধারণা করা হচ্ছে, পরনের জামা গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হামেদ মোল্লাকে হত্যা করা হয়েছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।