ধানখেতে পড়ে ছিল স্কুলছাত্রের লাশ, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী

সাতক্ষীরায় নিখোঁজের ১১ ঘণ্টা পর ধানখেতে পড়ে ছিল স্কুলছাত্রের লাশ। শুক্রবার সকাল ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি গ্রামে বাড়ির পাশের ধানখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।

লাশ উদ্ধার হওয়া ছেলেটির নাম হৃদয় মণ্ডল (৯)। সে ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং একই গ্রামের বিকাশ চন্দ্র মণ্ডলের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন ঝিটকি গ্রামের ইসমাইল হোসেন, তাঁর স্ত্রী মাফিয়া খাতুন, তাঁদের দুই ছেলে মামুন ও মাসুদ, একই গ্রামের আলমগীর হোসেন ও আল আমিন।

বিকাশ মণ্ডল জানান, প্রতিবেশী প্রসেনজিৎ মণ্ডলের বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে প্রাইভেট পড়ে বাড়ি আসে তার ছেলে হৃদয়। এরপর সে প্রতিবেশী ইসমাইল হোসেনের বাড়িতে যায় খেলতে। সন্ধ্যা সাতটার দিকে বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। রাতে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে বিষয়টি জানানো হয় এবং এলাকায় মাইকিং করা হয়। পরে আজ সকালে ধানখেতে তার লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, তাঁর ছেলেকে ইসমাইল হোসেনের বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখা হয়।

ইসমাইল হোসেনের স্ত্রী মাফিয়া খাতুন বলেন, প্রতিদিনের মতো তিনি শুক্রবার সকালে হাঁসের জন্য শামুক তুলতে বাড়ির পাশে ধানখেতে যান। এ সময় হৃদয়ের লাশ দেখতে পেয়ে তিনি স্থানীয় ব্যক্তিদের খবর দেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।