ধানখেতের পাশে পড়ে ছিল নারীর লাশ
বগুড়ার ধুনটে হাসিলা বেগম (৪১) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগরাপাড়া গ্রামে। সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে ধুনট থানা-পুলিশ ধানখেতের পাশে একটি পতিত জমি থেকে হাসিলার লাশ উদ্ধার করেছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাসিলা বেগম ঘুগরাপাড়া গ্রামের শুকর আলী মণ্ডলের মেয়ে। প্রায় ২৬ বছর আগে রামনগর গ্রামের জসমত আলীর ছেলে আজাহার আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের একটি পুত্রসন্তান আছে। বিয়ের দুই বছরের মাথায় স্বামী আজহার আলী মারা যান। এর পর থেকে বিধবা হাসিলা ঘুগরাপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকেন। একমাত্র ছেলে হাসেম আলী (২৫) থাকেন তাঁর খালার সঙ্গে। হাসিলা বেগম সারা দিন গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে জীবিকা চালান। দিন শেষে সন্ধ্যায় ফিরে আসেন বাড়িতে।
সোমবার হাসিলা সারা দিন ভিক্ষা করে সন্ধ্যায় বাড়ি ফিরে পাশের বাড়িতে বেড়াতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালের দিকে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ধানখেতের পাশে পতিত জমির ভেতর তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ মাটিতে পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।
নিহতের ছেলে হাসেম আলী কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘আমার খালার কোনো সন্তান নাই। তাই ছোটবেলা থেকে আমি খালার কাছে থাকি। সেখান থেকে মাকে দেখাশোনা করি। সকালে মার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসিলা বেগমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, দুর্বৃত্তরা হাসিলা বেগমের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার একাধিক কারণ থাকতে পারে। হতে পারে জমিজমা সংক্রান্ত কোনো বিরোধ বা ভিক্ষার টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা বা ধর্ষণের পর হত্যাও হতে পারে। তবে হত্যার ঘটনাটি আসলে কী কারণে ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।