ধানবোঝাই ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ি দইসই নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার করামপুর বালাপাড়া এলাকার নারায়ণ চন্দ্র রায় (৪০) ও একই এলাকার শশধর রায় (৫৫)।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নারায়ণ চন্দ্রের ভ্যানে ধান বোঝাই করে বাড়ি ফিরছিলেন শশধর রায়। পথে দিনাজপুরগামী মালবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দইসই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নারায়ণ ও শশধর রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে ট্রাকের পেছনের চাকা নারায়ণের মাথার ওপর দিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শশধরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পলাতক। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।