ধানে ধন্য উত্তরের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের মাঠে মাঠে আমন ধান কাটার ধুম পড়েছে। ধান কেটে মাঠে শুকানো শেষে আঁটি বাঁধছেন কৃষি শ্রমিকেরা। সম্প্রতি মিঠাপুকুর উপজেলার ইসলামপুর মাঠে l ছবি: মঈনুল ইসলাম
রংপুরের মাঠে মাঠে আমন ধান কাটার ধুম পড়েছে। ধান কেটে মাঠে শুকানো শেষে আঁটি বাঁধছেন কৃষি শ্রমিকেরা। সম্প্রতি মিঠাপুকুর উপজেলার ইসলামপুর মাঠে l ছবি: মঈনুল ইসলাম

বেশ ভালো ফলন হয়েছে এবার রোপা আমনের। রবিউল ইসলাম নিজেও মজুরদের সঙ্গে কাস্তে হাতে মাঠে নেমেছেন ধান কাটতে। রংপুরের পশ্চিম কেশবপুরে তাঁর বাড়ি। আগে এটি গ্রামই ছিল। বাস্তবে এখনো তাই আছে। কেবল কাগজে–কলমে অন্তর্ভুক্ত হয়েছে সিটি করপোরেশনে। গত সপ্তাহে এক পড়ন্ত বিকেলে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। সব শঙ্কার পরে পরিশ্রমের ফসল ঘরে তুলতে পারার পরিতৃপ্তির হাসি মাখা ছিল তাঁর মুখে।

গ্রামাঞ্চলে এখন চোখজুড়ানো দৃশ্য। রংপুরের এদিকটায় শীত বাড়ছে দিনে দিনে। সকালে-সন্ধ্যায় ঘন কুয়াশা জমে আকাশে। বেলা বাড়লে সেই কুয়াশার স্তর ভেদ করে আসা রোদে ঝলমল করে ফসলের মাঠ। এই এলাকায় ধানই প্রধান ফসল। দিগন্তজোড়া ধানি রং, মাঠ সোনালি হয়ে আছে পাকা ধানে। কাটাও শুরু হয়েছে অগ্রহায়ণের প্রথম থেকেই।

সারা দেশেই এখন ইউনিয়ন পর্যায়ের প্রধান সড়কগুলো পাকা করা। সড়কের উভয় কিনার দিয়ে গাছপালার সারি। ডানে-বাঁয়ে ফসলি জমি, পাড়া–মহল্লা, বাজার, স্কুল, মসজিদ, চায়ের দোকান, পুকুর, ঝোপঝাড়, কবরস্থান—এসব রেখে এঁকেবেঁকে এগিয়ে গেছে দূর থেকে দূরান্তে। সেই পথ দিয়ে যেতে চোখে পড়ে গ্রামীণ নতুন ফসল ঘরে তোলা নিয়ে জনজীবনের কর্মমুখরতা।

অধিকাংশ মাঠেই এখন ধান কাটার ব্যস্ততা। কোথাও ধান কেটে আঁটিগুলো মাঠেই সারি দিয়ে ফেলে রাখা আরও খানিকটা শুকিয়ে নেওয়ার জন্য। কোনো গ্রামে মাঠ থেকে ভটভটিতে করে ধান আনা হচ্ছে বাড়ি বাড়ি। কোনো কোনো মাঠে, পথের ধারে, বটতলায়, বাড়ির উঠানে যন্ত্রের সাহায্যে আঁটি থেকে ধান ছাড়ানো হচ্ছে। চাষাবাদের কাজে যন্ত্রের এখন নিবিড় সংযোগ। এই অঞ্চলে জমির মাপ হয় ‘দোন’ হিসেবে; ২৪ শতাংশে এক দোন। এবার এই এলাকায় প্রতি দোনে ১০ থেকে ১২ মণ পর্যন্ত ফলন হয়েছে। বন্যার আশঙ্কা ছিল, তবে বন্যা হয়নি। রোগবালাইয়ের আক্রমণও তেমন প্রবল হয়নি। ফলে এবারের আমন নিয়ে কৃষক মোটের ওপর সন্তুষ্ট।

রংপুরের আশপাশের এলাকায় সবজির চাষ বিশেষ হয় না। অনেক দূর পরপর দু-একটি জমিতে চোখে পড়ে বাঁধাকপি বা মুলার আবাদ। বাড়ির পাশে শিমের মাচা। তাতে ফুটে আছে অজস্র বেগুনি ফুল। পথের পাশের বটতলাগুলোতে প্রায় অবধারিতভাবেই থাকে একটি-দুটি চায়ের দোকান, কয়েকটি মুদিখানা। কোথাও কোথাও আবার বাঁশের মাচানও পাতা থাকে বাসার জন্য। সেখানে গাঁয়ের লোকেরা বসে আড্ডা দেন। কেউ কেউ মাটিতে ছক কেটে বাঘবন্দী খেলতে বসে যান। উৎসাহী দর্শক জুটতেও সময় লাগে না। এমনই এক খেলার আসরে গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর দক্ষিণ পাড়ার আবদুস সামাদ জানিয়েছিলেন চাষাবাদের অবস্থা। স্বর্ণা, গুটি স্বর্ণা, বিআর-১১, ৫০, ৫২ এসব জাতের আমনই মূলত রংপুর অঞ্চলে চাষ হয়। ধানের আবাদে এখন বিশেষ লাভ হয় না। তবে এবার রোগবালাইয়ের প্রকোপ কম ছিল। মারাত্মক দুর্যোগেও পড়তে হয়নি। ফলনও বেড়েছে। প্রতি দোনে ১০ থেকে ক্ষেত্রবিশেষে ১৪ মণ পর্যন্ত ফলন পেয়েছেন কেউ কেউ। এসব কারণে আমন এবার তাঁদের নিরাশ করেনি। আশার কথা শোনা গেল রংপুরের কৃষ্টি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক স ম আশরাফ আলীর কাছেও। রংপুরে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমনের চাষ হয়েছে, ফলনও হয়েছে ভালো। লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬২ হাজার ৪১৯ হেক্টরের। চাষ হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯১৬ হেক্টরে। যেহেতু এখনো ফসল কাটা পুরো শেষ হয়নি, সে কারণে ফলনের পরিমাণ জানা যাচ্ছে না।

ধান উঠে যাবে আর কয়েক দিনের মধ্যেই। তারপর আবার নতুন ফসলের জন্য চাষ দেওয়া হবে জমিতে। সরিষাখেতগুলোতে ফুল ফুটতে শুরু করেছে একটি–দুটি করে। দিনে দিনে কাঁচা হলুদ রঙের প্লাবন বয়ে যাবে মাঠের পর মাঠজুড়ে। শীতের হাওয়া বয়ে নিয়ে যাবে মৃদু ঝাঁজালো সৌরভ। হেমন্তের সমৃদ্ধি শীতের উৎসব মধুর করে তুলবে গণমানুষের জীবনে।