ধানের বদলে মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথ কর্মকারের ধানের বদলে মিষ্টি বিক্রির অস্থায়ী দোকান। ছবিটি তোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের বৈলঠা গ্রামের কাছ থেকে। ছবি: প্রথম আলো।
বিশ্বনাথ কর্মকারের ধানের বদলে মিষ্টি বিক্রির অস্থায়ী দোকান। ছবিটি তোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের বৈলঠা গ্রামের কাছ থেকে। ছবি: প্রথম আলো।

তাঁরা মৌসুমি মিষ্টি বিক্রেতা। তবে মিষ্টি বিক্রির জন্য তাঁরা টাকা নেন না। টাকার বদলে নেন ধান।

বরেন্দ্র অঞ্চলে আমন মৌসুমে ধানের বদলে এভাবে মিঠাই-মণ্ডা বিক্রির চল বহু পুরোনো।

ধান কাটা শুরু হলেই বরেন্দ্র অঞ্চলে বিভিন্ন রাস্তার পাশে অস্থায়ী মিষ্টির দোকান বসে যায়। তাঁরা পরিমাণমতো ধান নিয়ে ক্রেতার হাতে তুলে দেন মিষ্টি। ধান কাটা মজুর, ধানকুড়ানি শিশু-কিশোর-কিশোরী, এমনকি গেরস্তও এ সময় ধানের বিনিময়ে মিষ্টান্নের স্বাদ নেন। মিষ্টি বিক্রেতারা পরিবারের সারা বছরের জন্য প্রয়োজনীয় ধান এভাবেই সংগ্রহ করে থাকেন।

প্রায় ৩৭ বছর ধরে মৌসুমের এক মাস মিষ্টি বিক্রি করে পরিবারের ১২ মাসের প্রয়োজনীয় ধান সংগ্রহ করে আসছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মহল্লার বিশ্বনাথ কর্মকার (৬৭)। স্ত্রী, তিন ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনি দিয়ে তাঁর পরিবারের সদস্য সংখ্যা ২০।

বিশ্বনাথ কর্মকার বললেন, এমন মৌসুমি ব্যবসার শুরুতে তিনি মাথায় মিষ্টান্নের ডালা নিয়ে বিভিন্ন গ্রামে ও ধান খেতের মধ্যে খৈলানে (ধান কেটে জড়ো করে মাড়াই করার স্থান) ঘুরে ঘুরে ধানের বদলে মিষ্টি বিক্রি করতেন। তবে এখন সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের ক্ষুদ্র জাতিসত্তা কোলদের গ্রাম বৈলঠার কাছে রাস্তার পাশে অস্থায়ী দোকান দিয়েছেন। ২০ বছর ধরে অস্থায়ী দোকানে বসে ধানের বিনিময়ে মিষ্টিজাত পণ্য বিক্রি করেন। সবই ঘরে বানানো। স্ত্রী ও তিন ছেলের বউ ঝুরি, জিলাপি, নাড়ু, খুরমাসহ বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে দেন। সকাল হলেই তিনি সেই সব মিষ্টান্ন নিয়ে চলে আসেন অস্থায়ী দোকানে।

বিশ্বনাথ কর্মকারের ধানের বদলে মিষ্টি বিক্রির অস্থায়ী দোকান। ছবিটি তোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের বৈলঠা গ্রামের কাছ থেকে। ছবি: প্রথম আলো।
বিশ্বনাথ কর্মকারের ধানের বদলে মিষ্টি বিক্রির অস্থায়ী দোকান। ছবিটি তোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদের বৈলঠা গ্রামের কাছ থেকে। ছবি: প্রথম আলো।

বিক্রি কেমন হয় জিজ্ঞেস করতেই হেসে জবাব দিলেন, ‘বেচতেও লাভ, কিনতেও লাভ।’ বললেন, বাজারদরের চেয়ে অনেক কম দাম নির্ধারণ করে ধানের বদলে মিষ্টান্ন বিক্রি করা হয়ে থাকে। এবার ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ৭০০ টাকারও বেশি দরে। তাই এ সময় ধানের বদলে মিষ্টি কেনাবেচায় দুই পক্ষেরই লাভ। যিনি বিক্রি করেন, তাঁরও লাভ। যিনি কেনেন, তাঁরও লাভ। মাস শেষে ৭০ থেকে ৮০ মণ ধান তিনি মিষ্টি বিক্রি থেকে সংগ্রহ করেন বলে জানালেন।

পাশাপাশি তিনি সবজি, চাল-ডাল, বিড়ি-সিগারেটও বিক্রি করে থাকেন টাকা অথবা ধানের বদলে। এ মৌসুম শেষে বছরের বাকি সময় নিউ মার্কেটের মাছবাজার থেকে মাছ কিনে এলাকার একটি মোড়ে বসে মাছ বিক্রি করেন।

বছরের এই সময়টায় বেশ আনন্দে থাকেন বলে জানালেন বিশ্বনাথ। চার দিকে শুধু সোনালি ধানের সমারোহ। বাতাসে দোল খায় ধানের শিষ। কিষান-কিষানির মুখে হাসি। এ দৃশ্য বড় ভালো লাগে তাঁর। মিষ্টি বিক্রির পর মৌসুম শেষে পরিবারের সদস্যদের নিয়ে দোকানের পাশে ভোজের আয়োজন করে থাকেন। ধান কেটে নেওয়া খেতে চুলা বানিয়ে রান্না করেন। পরিবারের সদস্যরা এ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।

বিশ্বনাথ বলেন, শরীরে যত দিন সামর্থ্য থাকবে, ‘তত দিন বছরের এই সময়টায় আনন্দের সঙ্গে এ ব্যবসাটা করে যাব।’ এ ব্যবসায় সবচেয়ে বড় প্রাপ্তির কথা তুলে ধরে জানান, এ ব্যবসার লাভ থেকে একটু একটু করে টাকা জমিয়ে তিনি স্ত্রীকে নিয়ে ভারতের তীর্থস্থান গয়া, কাশী, বৃন্দাবনসহ বিভিন্ন স্থান ঘুরে এসেছেন। বড় মেয়েসহ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে এসেছেন। এ ব্যবসা থেকে এটা তাঁর অনেক বড় প্রাপ্তি।