ধানের মতো শুকানো হচ্ছিল চানাচুর, অভিযান চালিয়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর শুকানোয় ১০ হাজার টাকা জরিমানা। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ভৈরব পৌর শহরের চণ্ডীবের মধ্যপাড়ায়।
সংগৃহীত

চানাচুর কারখানার কোনো নাম নেই। নিজেদের পরিচয়ে বাজারজাতও করা হয় না। কেবল অন্য কারখানাগুলোর চাহিদা অনুযায়ী চানাচুর তৈরি শেষে তা সরবরাহ করা হয়। এ জন্য ধানের মতো খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর শুকানো হয়।

নোংরা পরিবেশে চানাচুর শুকানোর অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌর শহরের চণ্ডীবের মধ্যপাড়ায় অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটির মালিক গণি মিয়া সেখানে উপস্থিত ছিলেন না। পরে মালিকের প্রতিনিধি আক্তার মোল্লাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিন মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও অনুমোদন না থাকায় দুটি বেকারি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার নিউ প্রিন্স বেকারিকে ৩০ হাজার টাকা ও পৌর শহরের দড়ি চণ্ডীবের এলাকার ভৈরব বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এতে সহযোগিতা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কিশোরগঞ্জ জেলার মাঠ কর্মকর্তা খায়রুল ইসলাম।

হিমাদ্রী খীসা বলেন, চানাচুর কারখানায় গিয়ে দেখা গেল মানুষ উঠানে যেভাবে ধান শুকান, ঠিক সেভাবেই চানাচুর শুকানো হচ্ছে। তখন কল্পনায় কেবল ভেসে উঠছিল, এই কয়েক বছরে চানাচুরে না জানি কত পাখি মল ত্যাগ করেছে। হয় তো চানাচুরের ওপর দিয়ে কুকুরও হেঁটে গেছে।

১০ হাজার টাকা জরিমানার বিষয়ে আক্তার মোল্লা বলেন, গণি মিয়া তাঁর ভাই। তিনি অসুস্থ। খোলা আকাশের নিচে চানাচুর শুকানোর বিষয়ে তিনি বলেন, ভুল হয়ে গেছে। আর হবে না। পাখির মল ত্যাগের বিষয়ে তাঁর জবাব, তা তো কিছু করেছেই।