ধামরাইয়ে অবৈধ চুল্লিতে দূষিত পরিবেশ

আগুন দিয়ে কাঠ পোড়ানোর সময় চলাচল করাই দুরূহ হয়ে পড়ে। আশপাশের লোকজন শ্বাসকষ্ট, কাশি, অ্যালার্জিসহ নানা রোগে ভুগছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। আশপাশের পরিবেশে যার বিরূপ প্রভাব পড়ছে। সম্প্রতি ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের দক্ষিণ গাঁওতারা এলাকায়
ছবি: প্রথম আলো

ঢাকার ধামরাই উপজেলার বংশী নদীর দুই পাশে গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির তিনটি কারখানা। প্রশাসনের অনুমোদন ছাড়াই এসব কারখানার চুল্লিতে প্রতিনিয়ত পুড়ছে ফলজ ও বনজ কাঠ। সেখান থেকে নির্গত ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় লোকজন শ্বাসকষ্ট, কাশিসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছে।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর পাড়, মূল সড়ক ও লোকালয়ে এসব কারখানা গড়ে ওঠায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় কয়েক হাজার মানুষ। কারখানার পাশ দিয়ে চলাচল করতে গিয়ে পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন। দিনের বেলায় আগুন দিয়ে কাঠ পোড়ানোর সময় সড়ক দিয়ে চলাচল করাই দুরূহ হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয় লোকজনের।

২১ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের টেটাইল গ্রামে বংশী নদীর পাড়ে ফসলি জমির পাশে স্তুপ করে রাখা হয়েছে আম, কাঁঠাল, বটসহ বিভিন্ন গাছের গুঁড়ি। কাঠ পুড়িয়ে কয়লা বানানোর ২টি কারখানার ১০টি চুল্লিতে এগুলো পোড়ানো হবে। একটি চুল্লির ভেতর সারি করে সাজিয়ে রাখা হয়েছে কয়েক মণ গাছের গুঁড়ি। অন্য চুল্লিগুলোয় কাঠ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা। চুল্লির পাশেই বেশ কয়েকটি কলাগাছের পাতা আগুনের তাপে পুড়ে গেছে।

নদীর অপর প্রান্তে যাদবপুর ইউনিয়নের দক্ষিণ গাঁওতারা এলাকায় বসতবাড়ির পাশেই বাঁশঝাড়ের নিচে দেখা মিলল অপর একটি কারখানার পাঁচটি চুল্লি। চুল্লির ধোঁয়া বাতাসের মাধ্যমে সরাসরি চলে যাচ্ছে বসতবাড়িতে। স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধভাবে এসব প্রকল্প চালানো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি অভিযোগ করেন, রাস্তা দিয়ে যাওয়ায় সময় চুল্লির ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করে। সন্ধ্যার পর আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। আশপাশের প্রায় প্রতিটি বাড়ির লোকজনই হাঁচি, কাশিসহ নানা রোগে ভুগছে। যাঁরা কয়লা বানান, তাঁদের বিরুদ্ধে কিছু বললে এলাকা ছেড়ে চলে যেতে হবে। ভয়ে এখন আর কেউ কিছু বলেন না।

স্থানীয় ব্যক্তিরা জানান, টেটাইল গ্রামে বংশী নদীর পাড়ে গড়ে ওঠা কারখানার যৌথ মালিকদের একজন নাহিদ রানা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আরেকজন মো. ইমরান। তাঁর স্ত্রী বালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। দক্ষিণ গাঁওতারায় গড়ে ওঠা প্রকল্পের সঙ্গে জড়িত নুরুল ইসলাম। তিনি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্টজন হিসেবে পরিচিত।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিটি চুল্লি থেকে ৫-৬ দিন পরপর প্রায় ৫০ হাজার টাকার কয়লা পাওয়া যায়। সে হিসাবে ৫টি চুল্লি থেকে মাসে ১২ থেকে ১৫ লাখ টাকা আয় হয়। আর কারখানার ১৫টি চুল্লি থেকে আয় হয় ৩৫ থেকে ৪০ লাখ টাকা। অধিক মুনাফার লোভে প্রশাসনকে তোয়াক্কা করছেন না এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা। এ ছাড়া চুল্লি বানাতে খুব বেশি খরচ না হওয়ায় প্রশাসন ভেঙে দেওয়ার পর নামমাত্র জরিমানা করায় বিষয়টিকে পাত্তা দেন না মালিকেরা।

কারখানা মালিক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ধোঁয়ায় ক্ষতি হইতেছে ওই কথা আমারে কইয়েন না ভাই। অনুমতি সবারই আছে, আবার কারোই নাই। মুখে মুখে অনুমতি আছে।’

টেটাইল গ্রামের কারখানার মালিক মো. ইমরানকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি ব্যাবসায়িক অংশীদার নাহিদের সঙ্গে কথা বলতে বলেন। নাহিদ রানা বলেন, ‘ক্ষতি হয়, হইলে হইব। অবৈধ ব্যবসায় অনুমতি দেয় নাকি কেউ? অভিযোগ করলে ভাইঙ্গা ফালাইব, শেষ কথা।’

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফাত আরা প্রথম আলোকে বলেন, কাঠ পোড়ানোর ফলে কার্বন ও সীসা উৎপন্ন হয়। পরে তা বাতাসে মিশে যায়। যে এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন করা হয়, ওই এলাকায় চুল্লির ধোঁয়ায় মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত রোগ, অ্যালার্জি, চর্মরোগ, চোখের সমস্যাসহ নানা ধরনের রোগ হতে পারে।

উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী প্রথম আলোকে বলেন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কোনো অনুমতি কাউকে দেওয়া হয়নি। দ্রুতই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।