ধামরাইয়ে তরুণ-তরুণীকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ, আটক ৪
ঢাকার ধামরাই উপজেলায় একটি বাড়িতে তরুণ ও তরুণীকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বারবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের উদ্ধার করে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে।
আটক চার যুবক হলেন উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া গ্রামের মো. আল-আমিন (৩০), কৃষ্ণপুরা গ্রামের মো. আরিফুজ্জামান ওরফে পিন্টু (৩৬), বারবাড়িয়া গ্রামের আবু বকর সিদ্দিক (৩৫) ও চারিপাড়া গ্রামের আরিফুল ইসলাম (৩৭)।
এই ঘটনায় আটকে রাখা তরুণের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব-৪-এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, একটি ঘরের মধ্যে ওই তরুণ ও তরুণীকে আটকে রেখে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। ওই তরুণ-তরুণীকে উদ্ধারের পাশাপাশি চার যুবককে আটক করা হয়েছে। তাঁদের থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
র্যাব, স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দোতরা এলাকার সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ওই তরুণী কৃষি ডিপ্লোমায় প্রথম বর্ষ ও তরুণ তৃতীয় বর্ষে পড়াশোনা করেন। গতকাল সোমবার নিজের ব্যবহৃত মুঠোফোন নষ্ট হয়ে যাওয়ায় ওই তরুণী সাভারের রাজ্জাক প্লাজায় সেটি সারাতে নিয়ে যান। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ওই তরুণীর সঙ্গে ওই তরুণের দেখা হয়। ওই তরুণীকে ভাড়া বাসায় পৌঁছে দেওয়ার জন্য ওই তরুণ তাঁর সঙ্গে যাচ্ছিলেন। এ সময় তাঁদের পথরোধ করে বিভিন্ন অশালীন কথাবার্তা বলতে থাকনে আটক ওই চার যুবক। একপর্যায়ে বারবাড়িয়া গ্রামের জনৈক এক ব্যক্তির বাড়িতে নিয়ে তরুণ ও তরুণীকে আটকে রেখে ভয়ভীতি দেখান ও মারধর করেন।
র্যাব ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আরও জানান, ওই তরুণ-তরুণীকে একসঙ্গে বসিয়ে বিভিন্ন ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সংবাদপত্রে প্রকাশ করার হুমকি দিয়ে দেড় লাখ টাকার চাঁদা দাবি করেন ওই চার যুবক। আজ সকালে টাকা আনার কথা বলে ওই তরুণ কৌশলে র্যাব-৪-এর মানিকগঞ্জ ক্যাম্পে ফোন দেন। খবর পেয়ে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই চার যুবককে আটক করে এবং ওই তরুণ-তরুণীকে উদ্ধার করে।
স্থানীয় গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাদের মোল্লা প্রথম আলোকে বলেন, ‘রাতের বেলা ওই তরুণ-তরুণীকে একসঙ্গে দেখতে পেয়ে এলাকার ছেলেরা তাঁদের আটক করেন। পরে র্যাব এসে তাঁদের উদ্ধার করেছে বলে শুনেছি।’