ধামরাইয়ে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মা ও দুই ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা
ছবি: প্রথম আলো

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মা ও দুই ছেলে। পথে একটি প্রাইভেট কার ধাক্কা দেয় তাঁদের অটোরিকশায়। এতে মৃত্যু হয় তিনজনের। ওই অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার মমতাজ ডায়াবেটিস হাসপাতালের সামনে ঢুলিভিটা-ধামরাই বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভাড়ারিয়া ইউনিয়নের নাসির উদ্দীন খানের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) এবং দুই ছেলে নাসিব খান (২০) ও ছোটন খান (১৮)।

দুর্ঘটনায় আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, ভাড়ারিয়া ইউনিয়নের আবুল দেওয়ানের ছেলে শাহ আলম (৩২) ও একই এলাকার মামুনের ছেলে তুষার (২৪)। শাহ আলম অটোরিকশাটির চালক।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে ভাড়ারিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন পিয়ারা বেগম ও তাঁর দুই ছেলে। অটোরিকশাটি মমতাজ ডায়াবেটিস হাসপাতালের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা সব যাত্রীই আহত হন।

আহতদের মমতাজ ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ছোটনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত পিয়ারা বেগম ও নাসিবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ভাড়ারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শামীমুজ্জামান শামীম প্রথম আলোকে বলেন, এক আত্মীয়ের মরদেহ দেখে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন পিয়ারা বেগম।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি জানার আগেই নিহতের স্বজনেরা মরদেহ বাড়ি নিয়ে যায়। পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।