ধারের টাকা ফেরত না দিতে ‘অপহরণ নাটক’
চুয়াডাঙ্গায় দেনার টাকা ফেরত না দিতে অপহরণ নাটক সাজানোর অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। পুলিশের দাবি, ঋণগ্রস্ত ওই দম্পতি তিন সন্তানসহ আত্মগোপনে গিয়ে আরেকজনকে দিয়ে পাওনাদারের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ করিয়েছিলেন।
পুলিশ বলছে, আত্মগোপনে যাওয়া ওই দম্পতি হলেন জেলার আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের মো. রাসেল হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী রুবিনা খাতুন (৩০)। গত মঙ্গলবার তিন শিশুসন্তান রোহান হোসেন (৮), শাম্মী খাতুন (৪), রিফাত হোসেনসহ (৮ মাস) রুবিনাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর গতকাল বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় আনা হয়। তবে রাসেল এখনো আত্মগোপনে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুবিনা খাতুনের মা দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের মোছা. রাহেলা বেগম ১৯ জুন চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, তাঁর মেয়ে রুবিনা, জামাতা রাসেল ও তাঁদের তিন সন্তান কাউকে কিছু না বলে ১৫ জুন বাড়ি থেকে চলে যান। ১৯ জুন বিকেল সোয়া ৫টার দিকে রুবিনা নিজের মুঠোফোন থেকে ভাই মো. আসাদুজ্জামানকে ফোন করে জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পাড়ার ডিজিটাল মোড়ের নিরাময় নার্সিং হোমের স্বত্বাধিকারী সাইদুর রহমানের বাড়িতে তাঁদের আটক করে রাখা হয়েছে। সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালিয়ে কাউকে পায়নি।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে রাসেল-রুবিনা দম্পতি ও তাঁদের তিন শিশু সন্তানকে উদ্ধারে মাঠে নামে। চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) নীতিশ চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি দল গত মঙ্গলবার কেরানীগঞ্জ থেকে রুবিনা ও তাঁর তিন সন্তানকে উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, অসংখ্য লোকজন রাসেল-রুবিনা দম্পতির কাছে টাকা পান। উদ্ধারের পর রুবিনা তাঁদের প্রতারণার ধরন, কৌশল এবং কতজনের কাছ থেকে কত টাকা নিয়েছেন তা বলেছেন। পাওনাদারদের কয়েকজন থানায় এসেও জানিয়েছেন। সাইদুর রহমানের এক বোনকে চাকরি দেওয়ার কথা বলে সাত লাখ টাকা নেন ওই দম্পতি। চাকরি দিতে না পেরে চার লাখ টাকা ফেরত দেন। বাকি তিন লাখ টাকা দাবি করলে স্বামী-স্ত্রী মিলে পাওনাদারকে হয়রানি করতে অপহরণের নাটক সাজান।